রণবীর সিং-এর অনুরাগীদের জন্য এক বড়সড় দুঃসংবাদ। দীর্ঘ জল্পনার অবসান ঘটিয়ে জানা যাচ্ছে, বহুল প্রতীক্ষিত 'ডন ৩' ছবি থেকে সরে দাঁড়িয়েছেন বলিউডের এই সুপারস্টার। ফারহান আখতারের পরিচালনায় শাহরুখ খানের উত্তরসূরি হিসেবে রণবীরকে দেখা যাওয়ার খবরে এক সময় তোলপাড় হয়েছিল মায়ানগরী। কিন্তু বর্তমানে তাঁর অভিনীত 'ধুরন্ধর' ছবির অভাবনীয় সাফল্যের পর হিসেব-নিকেশ অনেকটাই বদলে গিয়েছে।
শোনা যাচ্ছে, বক্স অফিসে 'ধুরন্ধর' ছবির সাফল্যই নাকি রণবীরকে এই কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে। সূত্রের খবর, পর পর দুটি গ্যাংস্টার ড্রামায় অভিনয় করতে চাইছেন না তিনি। আদিত্য ধরের এই অ্যাকশন থ্রিলারের বিশাল সাফল্যের পর রণবীর এখন ভিন্ন ঘরানার কাজ খুঁজছেন। বিশেষ করে সঞ্জয় লীলা বনশালি, লোকেশ কানাগরাজ বা অ্যাটলির মতো পরিচালকদের সঙ্গে কাজ করার বিষয়ে তিনি বেশি আগ্রহী।
'ডন ৩' ছাড়ার পাশাপাশি রণবীর এখন গুরুত্ব দিচ্ছেন জয় মেহতার জম্বি থ্রিলার 'প্রলয়'-কে। জানা গিয়েছে, অভিনেতা নিজেই এই ছবির কাজ এগিয়ে আনার অনুরোধ জানিয়েছেন। পরিবারের সুরক্ষার লড়াই নিয়ে তৈরি এই ড্রামাটি এখন রণবীরের ধ্যানজ্ঞান হয়ে দাঁড়িয়েছে। নিজের ডেট এবং শিডিউল মিলিয়ে 'প্রলয়'-এর শুটিং দ্রুত শুরু করতে চাইছেন তিনি।
এদিকে রণবীরের প্রস্থানে বিপাকে পড়েছেন 'ডন ৩'-এর নির্মাতারা। রিতেশ সিধওয়ানি ও ফারহান আখতার এখন হন্যে হয়ে নতুন 'ডন'-এর খোঁজ চালাচ্ছেন। যদিও ছবির প্রধান নারী চরিত্রে কৃতি শ্যাননের থাকা প্রায় নিশ্চিত, কিন্তু 'ডন'হীন চিত্রনাট্য নিয়ে জানুয়ারি ২০২৬-এর শুটিং শুরু করা চ্যালেঞ্জিং হয়ে পড়েছে। ইউরোপের বিভিন্ন লোকেশনে বড় বাজেটের এই শুটিং হওয়ার কথা ছিল, যা রণবীরের সরে যাওয়ায় আপাতত কিছুটা অনিশ্চিত হয়ে পড়েছে।
একদিকে বক্স অফিসের রাজা হয়ে ওঠা রণবীরের এই নতুন পরিকল্পনা তাঁর কেরিয়ারকে কোন দিকে নিয়ে যায়, সেদিকে তাকিয়ে অনুরাগীরা। অন্যদিকে, রণবীরহীন 'ডন ৩'-এ নতুন কার এন্ট্রি হয়, তা নিয়ে বলিউডে জোর চর্চা শুরু হয়েছে।
আদিত্য ধরের স্পাই থ্রিলার 'ধুরন্ধর' বক্স অফিসে যে তাণ্ডব চালাচ্ছে, তাতে ঘুম উড়েছে তাবড় তাবড় রেকর্ডধারীদের। মাত্র ১৭ দিনেই বিশ্বজুড়ে ৮০০ কোটির ক্লাবে ঢুকে পড়েছে এই ছবি। আর এই অভাবনীয় সাফল্যের রেশ কাটতে না কাটতেই নিজের পরবর্তী বড় প্রোজেক্ট 'ডন ৩'-এর জন্য কোমর বেঁধে নেমে পড়েছেন রণবীর। মুক্তির পর থেকেই বক্স অফিসে অপ্রতিরোধ্য রণবীর। দেশি ও বিদেশি বাজার মিলিয়ে ইতিমধ্যেই ৮০৩ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে ছবিটি। শুধু ভারতেই এর আয় ৫৫০ কোটি ছাড়িয়েছে। শাহরুখ খানের 'জওয়ান' বা রণবীর কাপুরের 'অ্যানিমাল'-এর মতো ব্লকবাস্টারদের রেকর্ডও এখন হুমকির মুখে। বাণিজ্য বিশ্লেষকদের মতে, যেভাবে ভিড় বাড়ছে, তাতে ১০০০ কোটির মাইলফলক ছোঁয়া এখন স্রেফ সময়ের অপেক্ষা।
