আরব সাগরে লক্ষ ঢেউ। কোনও ঢেউ ভাঙে, কোন ঢেউ গড়ে... জানতে পারেন কেউ? মায়ানগরীর আনাচেকানাচে গুনগুন ফিসফাস। খবরের কানাকানিতে থমকে বাতাস। সারা দিনের খবরাখবর শেষবেলায় আজকাল ডট ইনের পাতায়। 

কেবল প্রযোজনাই নয়, 'নায়ক ২'-তে অভিনয়ও করবেন অনিল কাপুর? 

২০০১ সালে মুক্তি পাওয়া 'নায়ক: দ্য রিয়েল হিরো' ছবিটি আজও যেন সমান ভাবে প্রাসঙ্গিক। সেখানে এক সাধারণ সাংবাদিক থেকে মুখ্যমন্ত্রী হওয়ার সফর শিবাজী রাও চরিত্রের মাধ্যমে তুলে ধরেছিলেন অনিল কাপুর। সম্প্রতি জানা যায় সেই ছবির নির্মাতা দীপক মুকুটের থেকে স্বত্ব কিনে নিয়েছেন তিনি। দীপক মুকুট এবং অভিনেতা, দু'জনে একত্রে এবার বানাতে চলেছেন 'নায়ক ২'। তাঁরা সেই ছবির প্রযোজনা করবে বলেই প্রথমে জানা গিয়েছিল। এবার প্রকাশ্যে এল, আরও এক বিরাট চমক। কেবল প্রযোজনা নয়, এই ছবিতে অভিনয়ও করবেন অনিল কাপুর। তবে এখনই নির্মাতাদের তরফে 'নায়ক ২' ছবিটির বিষয়ে বিস্তারিত জানাতে চাওয়া হয়নি যেহেতু একেবারেই প্রাথমিক পর্যায়ে রয়েছে ছবির বিষয়ে আলোচনা এবং কাজ। কিন্তু দীপক নিশ্চিত করেছেন যে অনিল তাঁর থেকে ছবির স্বত্ব কিনেছেন এবং তাঁরা একসঙ্গে ছবিটির প্রযোজনা করবেন। অনিল তাতে অভিনয়ও করবেন। 

চলতি বছরেই বড়পর্দায় আসছে 'ককটেল ২'? 

হোমি আদাজানিয়া পরিচালনা করবেন 'ককটেল ২' ছবিটির। ছবিতে মুখ্য ভূমিকায় দেখা যাবে শাহিদ কাপুর, কৃতি শ্যানন এবং রশ্মিকা মন্দানা। জানা গিয়েছে চলতি বছরেই মুক্তি পাবে 'ককটেল ২'। কিন্তু কবে? কানাঘুষোয় শোনা যাচ্ছে বছরের একদম শেষভাগে মুক্তি পাবে। এই ছবিটি। বিষদে বললে, সেপ্টেম্বর মাসে। তবে সঠিক দিন এখনও জানা যায়নি বা নির্মাতাদের তরফে কোনও আনুষ্ঠানিক ঘোষণাও করা হয়নি। 'ককটেল ২' ছবিটির আগে ফেব্রুয়ারি মাসে মুক্তি পাচ্ছে শাহিদ কাপুরের রোমিও। প্রসঙ্গত, 'ককটেল' ছবিটিতে দীপিকা পাড়ুকোন, সইফ আলি খান এবং ডায়ানা পেন্টিকে দেখা গিয়েছিল। বক্স অফিসে দারুণ সফল হয়েছিল ছবিটি। 

ধুরন্ধর ছবির সহ-অভিনেতা অক্ষয় খান্নাকে নিয়ে কী জানালেন রাকেশ বেদি? 

আদিত্য ধর পরিচালিত ছবি 'ধুরন্ধর' বর্তমানে ১০০০ কোটির গণ্ডি টপকে গিয়েছে। দর্শকদের থেকে তুমুল ভালবাসা পাচ্ছে এই ছবিটি। তার মধ্যেই এই ছবির অন্যতম চর্চিত অভিনেতা অক্ষয় খান্নাকে নিয়ে এক বিশেষ তথ্য প্রকাশ্যে আনলেন রাকেশ বেদি, ওরফে এই ছবির 'জামিল জামালি'। তাঁর মতে এই ছবির হাত ধরে অক্ষয় খান্নার কামব্যাক হয়নি। আদতে অক্ষয় কখনও খেলা থেকে বাইরেই যাননি। তিনি শোবিজের অংশ ছিলেন বরাবর। যদিও দর্শকদের একাংশের মতে, গত বছরের প্রথম ভাগে মুক্তি পাওয়া 'ছাবা' এবং শেষে মুক্তি পাওয়া 'ধুরন্ধর' ছবি দুটো অক্ষয় খান্নার কেরিয়ারকে পুনরুজ্জীবিত করেছে। খ্যাতির অনন্য শিখরে পৌঁছে দেওয়ার পাশাপাশি এক নতুন পরিচিতি যেন তৈরি করে দিয়েছে। তবে দর্শক, নেটপাড়া যাই বলুক, রাকেশ বেদির কথায়, 'অক্ষয় সবসময়ই এই খেলায় ছিল। ও কখনও ময়দান ছাড়েনি। ওর ছবি বড়পর্দায় আসতেই থাকে, কোনওটা তেমন সাড়া পায় না, কোনওটা পায়। কিন্তু তার মানে এটা নয় যে ও ইন্ডাস্ট্রি থেকে সরে গিয়েছিল।' প্রসঙ্গত, 'ধুরন্ধর' ছবিতে একজন ভারতীয় গুপ্তচরের কথা দেখানো হয়েছে যিনি পাকিস্তানে থেকে সেখানকার খবর এদেশে পাঠাতেন। ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন রণবীর সিং। অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন অক্ষয় খান্না, সঞ্জয় দত্ত, অর্জুন রামপাল, সারা অর্জুন, আর মাধবন, প্রমুখ।