গত দু’সপ্তাহ ধরে বলি তারকা অক্ষয় খান্না ইন্টারনেট জুড়ে ট্রেন্ড করছেন। রীতিমতো দাপিয়ে বেড়াচ্ছেন। আদিত্য ধর পরিচালিত স্পাই-অ্যাকশন থ্রিলার ‘ধুরন্ধর’ মুক্তির পর থেকেই তাঁর পারফরম্যান্স নিয়ে চলছে ব্যাপক আলোচনা। ছবিতে রণবীর সিং, অর্জুন রামপাল, সারা অর্জুন এবং সঞ্জয় দত্তকে একদম নতুন অবতারে দেখা গেলেও, নিজের অনন্য উপস্থিতি ও অভিনয়ে যেন বেশি আলো কাড়লেন অক্ষয়। ভক্তরা এখন তাঁর পুরনো কাজগুলোও নতুন করে দেখছেন। এহেন আবহে ফের ভাইরাল হল অক্ষয়ের বহু পুরনো একটি সাক্ষাৎকার। সেখানে তিনি জানান, মাত্র ১৮ বছর বয়সেই তাঁর বাবাকে অর্থাৎ বলিউডের প্রয়াত তারকা বিনোদ খান্নাকে বলেছিলেন যে তিনি অভিনেতা হতে চান।
অক্ষয় বলেন, তাঁর কেরিয়ারের শুরুটা খুব একটা সহজ ছিল না। “শুরুর দিকে খুব বেশি সাফল্য পাইনি। ভুল ছবিতে কাজ করেছি, ভুল চিত্রনাট্য বেছেছিলাম। ফলে বেশ গোলমাল হয়েছিল। তবে আমি কখনও কাউকে নকল করার চেষ্টা করিনি,” বলছেন তিনি। বাবা কি তাঁকে অভিনয়ে আসতে উৎসাহ দিয়েছিলেন? এমন প্রশ্নে অক্ষয়ের উত্তর, “না, কেউ উৎসাহ দেয়নি। বরং বাবা চাইতেন আমি আরও পড়াশোনা করি। কিন্তু ১৫-১৬ বছর বয়স থেকেই মনে হয়েছিল, যদি জীবনে কিছু করি, তবে এটাই করব। অভিনয়-ই করব। এখানেই আমার সুখ আর তৃপ্তি।”
অক্ষয় জানান, কীভাবে প্রথমবার বাড়িতে নিজের সিদ্ধান্ত জানানো হয়েছিল। একদিন তাঁদের বাড়িতে খেতে আসেন পরিচালক জে.পি. দত্ত। তখন অক্ষয় ছিলেন বোর্ডিং স্কুলে, বয়স ১৮। দত্ত তাঁকে সরাসরি জিজ্ঞাসা করেন, তিনি তাঁর পরিচালনায় ‘বর্ডার’ ছবিতে কাজ করতে চান কি না। অক্ষয়ের কথায়, বাবাকে বলার সাহস খুঁজছিলেন বহুদিন, তাই এটাকেই মনে হয়েছিল একদম সঠিক সুযোগ। তিনি তৎক্ষণাৎ জে.পি দত্তকে হ্যাঁ বলেন। তখনই বিনোদ খান্না বুঝতে পারেন, ছেলে সত্যিই অভিনয়ে আসতে চায়। অক্ষয়ের কথায়, “এরপরে বাবা-ই বলেন, যদি সত্যিই অভিনয় করতে চাও, তবে আমিই তোর জন্য একটা ছবি বানাব'।”
১৯৯৭ সালে ‘হিমালয় পুত্র’ দিয়ে অভিনয়ে আত্মপ্রকাশ করেন অক্ষয় খান্না, ছবিটি প্রযোজনা করেছিলেন তাঁর বাবা। একই বছরে ‘বর্ডার’-এও অভিনয় করেন তিনি। এই দুই ছবিতে পারফরম্যান্সের জন্য অক্ষয় পান ‘মোস্ট প্রমিসিং নিউকমার’ পুরস্কার।
এখন, ‘ধুরন্ধর’-এর ঝড়ে আবারও সেই প্রথম দিনের গল্প যেন নতুন করে আলোয় ফিরে এল।
