বিয়ের বয়স মাত্র তিন মাস। এরই মধ্যে অন্তঃসত্ত্বা অভিনেত্রী অভিকা গোর! যা নিয়ে গত কয়েকদিন জোর গুঞ্জন শুরু হয়েছে টিনসেল টাউনে। 'বালিকা বধূ' খ্যাত অভিনেত্রী ও তাঁর স্বামী মিলিন্দ চন্দওয়ানির সাম্প্রতিক একটি ইউটিউব ভিডিও এই জল্পনার আগুনে ঘি ঢেলেছে। অবশেষে এনিয়ে মুখ খুললেন অভিকা।
প্রেগন্যান্সির খবর আদৌ সত্যি কিনা তা নিয়ে স্পষ্ট জবাব দিয়েছেন অভিকা। এক সাক্ষাৎকারে অভিনেত্রী স্পষ্ট জানান,“গর্ভবতী হওয়ার খবর সম্পূর্ণ মিথ্যা। এমন কিছুই হয়নি। তবে আমাদের জীবনে আরেকটি বড় খবর আছে, যেটা আমরা খুব শিগগিরই সবাইকে জানাব।”
টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী অভিকা। গতবছর মিলিন্দের সঙ্গে তাঁর বিয়ে ছিল বেশ চর্চিত বিষয়। একটি রিয়্যালিটি শো-তে সাত পাকে বাঁধা পড়েছিলেন এই জুটি। বিয়ের পর থেকেই সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় দম্পতি। সম্প্রতি একটি ভিডিওতে দম্পতি জানান যে ২০২৬ সালে তাঁদের জীবনে একটি বড় পরিবর্তন আসতে চলেছে। এই কথার পরই নেটদুনিয়ায় শুরু হয় জল্পনা, অনেকে ধরে নেন, ‘বড় পরিবর্তন’ মানেই সন্তানের আগমন। যদিও অভিকা বা মিলিন্দ কেউই তাঁদের কিছু ঘোষণা করেননি। তাঁরা পুরো বিষয়টিকেই রহস্যের আবরণে ঢেকে রেখেছিলেন তাঁরা। তাঁদের চোখে-মুখের আনন্দ এবং কথার ধরনে ভক্তরা প্রায় নিশ্চিত হন যে, খুব শীঘ্রই কোনও বড় সুসংবাদ আসতে চলেছে।
কিন্তু সেই ধারণা যে ভুল, তা এবার স্পষ্ট করে দিলেন অভিকা। অভিনেত্রীর কথায়, এই ধরনের গুজব তাঁকে বিরক্ত করেনি। বরং তিনি বিষয়টিকে হালকাভাবেই নিয়েছেন। তবে ভক্তদের বিভ্রান্তি কাটাতেই তিনি সত্যিটা সামনে আনলেন।
এদিকে, অভিকা ও মিলিন্দ যে 'আরেকটি বড় খবর' দেওয়ার কথা বলেছেন, তা নিয়ে কৌতূহল বেড়েছে অনুরাগীদের মধ্যে। অনেকেই মনে করছেন, এটি হতে পারে নতুন কোনও শো, ওয়েব সিরিজ বা বড় কোনও ব্যক্তিগত সিদ্ধান্তের ঘোষণা।
প্রসঙ্গত, অভিকা গোর যেমন টেলিভিশন ও দক্ষিণ ভারতীয় ছবির দুনিয়ার জনপ্রিয় মুখ, তেমনই মিলিন্দও একজন সমাজকর্মী এবং উদ্যোক্তা হিসেবে পরিচিত। এখন দেখার বিষয়, এই গুঞ্জন কি শুধুই জল্পনা নাকি সত্যিই অভিকার কোলে আসতে চলেছে প্রথম সন্তান? আপাতত এই তারকা জুটির আনুষ্ঠানিক ঘোষণার জন্য অধীর আগ্রহে অপেক্ষায় অনুরাগীরা।
