এইমুহূর্তে বলিপাড়া থেকে চায়ের কাপের তর্কের কেন্দ্রে এখন একটাই নাম, অক্ষয় খান্না। ‘ধুরন্ধর’ ছবিতে ‘রেহমান ডাকাত’-এরর চরিত্রে তাঁর নজরকাড়া অভিনয় ইতিমধ্যেই তুমুল প্রশংসা কুড়িয়েছে, দর্শক থেকে সমালোচক-সবার কাছেই। কিন্তু সিনেমা সাফল্যের শিরোনামে থাকলেও অভিনেতা নিজে যেন বরাবরের মতোই আড়ালেই। আর অক্ষয়ের এই রহস্যময় দূরত্বের কথাই নতুন করে সামনে আনলেন হালচাল ছবিতে তাঁর সহ-অভিনেতা আরশাদ ওয়ার্সি।

 

সম্প্রতি, দেওয়া এক সাক্ষাৎকারে আরশাদ বলেন, অক্ষয় খান্না একজন অত্যন্ত সিরিয়াস মানুষ। তাঁর কথায়, “অক্ষয়ের অভিনয়ের দক্ষতা নিয়ে কোনওদিনই কারওর সন্দেহের জায়গা ছিল না, তবে ও খুবই নিজের জগতে থাকা একজন মানুষ। ও কারও কথা ভাবে না, কে কী বলল, কী ভাবল...এসবের কোনও গুরুত্ব ওর কাছে নেই। অক্ষয় নিজের মতো করে জীবনটা বাঁচতে ভালবাসে”। তিনি আরও জানান, অক্ষয় খান্না কখনও প্রচার চায় না অথবা জনমানসে তাঁর কেমন ব্যক্তিত্ব প্রকাশ পাচ্ছে তা নিয়ে মাথা ঘামানো, এইসব কোনও ব্যাপারেই থাকে না, সার্কিট-এর মতে , অক্ষয় বরাবরই নিজের নিয়মে চলেন।

 

তবে শুধুই প্রশংসা নয়, সাম্প্রতিক সময়ে বিতর্কও ঘিরে ধরেছে এই 'ধুরন্ধর' অভিনেতাকে। ‘দৃশ্যম ৩’-এর প্রযোজক কুমার মঙ্গত পাঠক দাবি করেন, শুটিং শুরুর মাত্র ১০ দিন আগে ছবি ছেড়ে বেরিয়ে গেছেন অক্ষয় খান্না। এমনকী এই সিদ্ধান্তের জেরে তাঁকে নাকি আইনি নোটিসও পাঠাতে হয়েছে। জানা যায়, ছবিতে পরচুলা পরার দাবি করেছিলেন অক্ষয়। এই দাবি থেকেই সমস্যার সূত্রপাত। শোনা যাচ্ছে, পারিশ্রমিকও নাকি কয়েক গুণ বাড়ানোর দাবি করেছিলেন এই অভিনেতা।   তিনি এও জানিয়েছেন 'ধুরন্ধর' ছবিতে অক্ষয়ের লুক এতটাই পছন্দ করেছেন সকলে যে তিনি চেয়েছিলেন 'দৃশ্যম ৩' ছবিতেও থাকুক এই লুক। কিন্তু তাতে আপত্তি জানান পরিচালক। এতে ছবির  কনটিনিউটি নষ্ট হবে। প্রাথমিক ভাবে তা মেনেও নেন অক্ষয়। কিন্তু পরে নাকি 'ধুরন্ধর' ছবির সাফল্য তাঁর 'মাথা ঘুরিয়ে' দিয়েছে। শেষ পর্যন্ত অক্ষয়ের জায়গায় এখন যুক্ত হয়েছেন জনপ্রিয় অভিনেতা জয়দীপ আহলাওয়াত। আগামী ২ অক্টোবর, ২০২৬-এ মুক্তি পাওয়ার কথা ‘দৃশ্যম ৩’-এর।

 

এদিকে নতুন ছবির প্রস্তুতিতেও রয়েছেন অক্ষয়। প্রশান্ত বর্মার সিনেমাটিক ইউনিভার্সের পরবর্তী গুরুত্বপূর্ণ ছবি ‘মহাকালীতে’ তাঁকে দেখা যাবে ‘অসুরগুরু শুক্রাচার্য’-এর ভূমিকায়। ‘হনু-ম্যান’ দিয়ে শুরু হওয়া এই সুপারহিরো ফ্র্যাঞ্চাইজির পরবর্তী অধ্যায়ে অক্ষয়ের চরিত্র যে বেশ তাৎপর্যপূর্ণ হতে চলেছে, ইতিমধ্যেই সেই ইঙ্গিত পাওয়া গিয়েছে।

 

 

বিতর্ক, প্রশংসা, রহস্যময় ব্যক্তিত্ব-সব মিলিয়ে অক্ষয় খন্না যেন এক অন্য রকম তারকা, যিনি নিজের মতো করেই আলোয়-আড়ালে চলতে জানেন। এবং তা পছন্দও করেন।