জোরকদমে নিজের নতুন ছবি ‘এম্পারার ভার্সেস শরৎচন্দ্র’-এর শুটিং শুরু করে দিয়েছেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। আপাতত সেট পড়েছে কলকাতাতেই। ‘এম্পারার ভার্সেস শরৎচন্দ্র’ ছবি প্রসঙ্গে আজকাল ডট ইন-কে পরিচালক জানিয়েছিলেন, আগামী বছর শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘পথের দাবী’ উপন্যাস প্রকাশিত হওয়ার শতবর্ষ। ১৯২৬ সালের ৩১ অগাস্ট এই বই প্রকাশিত হয়েছিল। ইংরেজ সরকার বইটিকে নিষিদ্ধ করে দেয় ১৯২৭ সালের জানুয়ারি মাসে। ইংরেজ সরকারের বিরুদ্ধে গর্জে ওঠা, বই নিষিদ্ধ হওয়া এবং সমাজে তার প্রভাব, পুরোটা নিয়েই এই ছবি। পরিচালকের উদ্দেশ্যে প্রথম প্রশ্ন ছিল, কেন শরৎচন্দ্রকে তিনি বাছাই করলেন? কারণ ইংরেজরা তো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের মতো সাহিত্যসম্রাটের উপন্যাস, বই নিষিদ্ধ করেছিল। পরিচালকের অননুকরণীয় ভঙ্গিমায় জবাব, “সেই সময় শুধু বাংলার নয়, গোটা ভারবর্ষের সবথেকে জনপ্রিয় লেখক ছিলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। বাংলার ঘরে ঘরে পৌঁছে গিয়েছিলেন তিনি। তাঁর লেখা থেকে মঞ্চসফল নাটক হচ্ছে, সিনেমা হচ্ছে, তাঁর লেখা নভোলে ইংরেজিতে অনুবাদ হয়ে বেরোচ্ছে অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস থেকে...সেরকম সাফল্যের তূরীয় পর্যায়ে বসে সেই মানুষটি ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে যেভাবে গর্জে উঠছেন, সেটা ভীষণ ইন্সপায়ারিং!”
এই ছবি যেহেতু পিরিয়ড ফিল্ম এবং সেই সময় বাংলার মাটিতে চলেফিরে বেড়ানো থেকে গর্জে উঠছেন একেকটি বুক কাঁপানো নাম। সেইসব মনীষীদের চরিত্রে কি দেখা যাবে এই ছবিতে? এক মুহূর্ত সময় না নিয়ে নিজস্ব ছন্দে সৃজিতের জবাব, “নিশ্চয়ই! আপাতত বলতে পারি, রবীন্দ্রনাথ ঠাকুর, দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ-এর নাম। সঙ্গে শরৎচন্দ্রের বইয়ের প্রকাশকদেরও উল্লেখ থাকছে।”
সূত্রের খবর, এই ছবিতে শরৎচন্দ্রের ভূমিকায় নাকি দেখা যেতে চলেছে টোটা রায়চৌধুরীকে। তাহলে আবীর চট্টোপাধ্যায়কে দেখা যাবে কোন ভূমিকায়? শোনা যাচ্ছে, এই ছবিতে শরৎচন্দ্রের ‘পথের দাবী’ উপন্যাসের নায়ক সব্যসাচী হিসেবেই পর্দায় অবতীর্ণ হবেন আবীর! জানিয়ে রাখা ভাল, এর আগে পথের দাবী উপন্যাস অবলম্বনে তৈরি সব্যসাচী ছবিতে নামভূমিকায় অভিনয় করেছিলেন উত্তমকুমার। একটি বিশেষ ভূমিকায় নাকি আছেন ঋষভ বসু-ও! কান পাতলে এও শোনা যাচ্ছে, নন্দিতা দাস পরিচালিত মান্টো ছবিতে যেমন লেখক এবং তাঁর রচিত বিখ্যাত সব ছোটগল্পের চরিত্রেরা সমান্তরালভাবে ছবিজুড়ে চলে ফিরে মান্টোর জীবন যাপনের সঙ্গে একাকার হয়ে গিয়েছিল, এ ছবিতেও নাকি খানিক সেরকমভাবেই শরৎচন্দ্র এবং তাঁর সৃষ্টি বিখ্যাত সব চরিত্রদের দেখবেন সৃজিত। ‘এম্পারার ভার্সেস শরৎচন্দ্র’-এ টোটা এবং আবীর-এর অভিনীত চরিত্র দু'টি নিয়ে কথা বলার জন্য পরিচালকের সঙ্গে আজকাল ডট ইন যোগাযোগ করেছিল, কিন্তু তাঁর তরফে কোনও জবাব আসেনি।
প্রসঙ্গত, সৃজিতের আগামী ছবি ‘এম্পারর ভার্সেস শরৎচন্দ্র’ ছবি ইতিমধ্যেই একের পর এক বদল হওয়ারও সাক্ষী থাকল! এসভিএফ এবং দাগ ক্রিয়েটিভ মিডিয়া প্রথমে ছিল প্রযোজনার দায়িত্বে। তা বদলে এখন প্রযোজনার দায়িত্বে ‘নন্দী মুভিজ’। আর এ বার নায়িকা বদল। নতুন প্রযোজনা সংস্থা যুক্ত হওয়ার পরে বেশ কিছু ‘মুখ’ বদলেছে। যেমন সোহিনী সরকারের পরিবর্তে মিমি, রুদ্রনীল ঘোষের পরিবর্তে দেখা যাবে মঞ্চাভিনেতা বুদ্ধদেব দাসকে। সত্যম ভট্টাচার্যের পরিবর্তে অভিনয় করবেন ঋক চট্টোপাধ্যায়। এই ফাঁকে মনে করিয়ে দেওয়া ভাল, এ ছবির সঙ্গীত পরিচালকের দায়িত্ব কিন্তু সম্পূর্ণ একা হাতে সামলাচ্ছেন সৃজিত নিজে।মোট চারটি গান থাকবে এই ছবিতে। যার মধ্যে দুটি রবীন্দ্রসঙ্গীত, আর একটি গান লিখেছেন পরিচালক স্বয়ং। আর অন্যটি শ্রীজাতর লেখা।
