সংবাদসংস্থা মুম্বই: টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন সারাদিনের গরমা গরম খবর কী?

পাঞ্জাবি গায়ককে মন দিয়েছেন দিশা? 

সদ্যই উদয়পুরে ধুমধাম করে সাতপাকে বাঁধা পড়লেন কৃতি শ্যাননের দিদি নূপুর শ্যানন এবং তাঁর দীর্ঘদিনের প্রেমিক স্টেবিন বেন। তাঁদের বিয়েতে আমন্ত্রিত ছিলেন কৃতির বন্ধু দিশা পাটানি। আর এই বিয়েতে এসেই উসকে গেল তাঁর প্রেম চর্চা! দিশা পাটানি তালবিন্দরের সঙ্গে প্রেম করছেন, বলেই শুরু হয়েছে জল্পনা। নূপুরের বিয়ের একটি ভিডিওতে দেখা গিয়েছে দিশা হেসে হেসে অন্যদের সঙ্গে কথা বললেও এক ব্যক্তির হাত শক্ত করে ধরে রেখেছেন। আর সেই ভিডিওতেই ব্যক্তির মুখ দেখা গিয়েছে, তিনি আর কেউ নন তালবিন্দর। সেখান থেকেই নেটপাড়া দুইয়ে দুইয়ে চার করে মনে করছেন এই পাঞ্জাবি গায়ককেই মন দিয়েছেন অভিনেত্রী। যদিও তাঁরা এখনও এই বিষয়ে আনুষ্ঠানিক ভাবে কিছুই জানাননি। 

ধর্মেন্দ্রর শেষ ছবি 'ইক্কিস' দেখেননি হেমা মালিনী! কেন? 

ধর্মেন্দ্র ২০২৫ সালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তাঁর মৃত্যুর পর মুক্তি পেয়েছে বর্ষীয়ান অভিনেতার অভিনীত শেষ ছবি 'ইক্কিস'। কিন্তু এখনও সেই ছবিটি দেখেননি হেমা মালিনী। কিন্তু কেন? সেই কারণও প্রকাশ্যে এনেছেন তিনি। জানিয়েছেন যখন তাঁর ক্ষত ভরাট হতে শুরু করবেন তখন দেখবেন এই ছবি। আপাতত তাঁর সাহস হয়নি এই ছবি দেখার। স্বামীকে হারানোর পর যারপরনাই ভেঙে পড়েছেন বর্ষীয়ান অভিনেত্রী। হেমা মালিনী জানিয়েছেন 'ইক্কিস' যখন মুক্তি পেয়েছে তখন তিনি মথুরা গিয়েছিলেন। নিজের কাজ করেন। এখনও সেই ছবি দেখে উঠতে পারেননি, কারণ তাহলে আরও ভেঙে পড়বেন। 'ইক্কিস' ছবিতে ধর্মেন্দ্র ছাড়াও আছেন অগস্ত্য নন্দা, জয়দীপ আহলাওয়াট, প্রমুখ। 

ফারাহ খানকে 'অপমান' করেছেন বীর দাস? 

ফারাহ খান সম্প্রতি বীর দাসের মুম্বইয়ের বাড়িতে গিয়েছিলেন। তাঁর নতুন ভ্লগে স্ট্যান্ড অপ কমেডিয়ানের সঙ্গে আড্ডা জমাতে দেখা যায় বলিউডের এই জনপ্রিয় পরিচালক, কোরিওগ্রাফার এবং বর্তমানের ইউটিউবারকে। সেই আড্ডা চলাকালীনই ফারাহকে অপমান করেন বীর? কী ঘটেছে? বীর দাসকে আগামী 'হ্যাপি প্যাটেল: খতরনাক জাসুস' ছবিতে দেখা যাবে। তিনি তাঁর সেই ছবির সঙ্গে ফারাহ খান পরিচালিত দু'টো ছবি 'ওম শান্তি ওম' এবং 'হ্যাপি নিউ ইয়ার' -এর তুলনা টানেন। বলেন, তাঁর আসন্ন ছবিতে 'হ্যাপি নিউ ইয়ার' ছবিটির মতোই পাগলামি রয়েছে। একদম 'ফালতু' ছবি। এটা শুনেই ফারাহ জানতে চান বীর তাঁকে অপমান করছেন কিনা? বলাই বাহুল্য সবটাই নিছক মজা করেই ঘটেছে।