'এরাও মানুষ' ছবির শুটিং শুরু হয়েছে সদ্য। সেখানে শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের সঙ্গে মুখ্য ভূমিকায় দেখা যাবে জিতু কামালকেও। গত বুধবার, ৫ নভেম্বর আচমকাই তিনি এই ছবির সেটে অসুস্থ হয়ে পড়েন। ভর্তি করানো হয় হাসপাতালে। সেখান থেকেই এদিন নিজের স্বাস্থ্যের আপডেট ভাগ করে নিলেন জিতু।
সূত্র মারফত জানা গিয়েছিল, ধান্যকুড়িয়ায় 'এরাও মানুষ' ছবির শুটিং করতে করতেই অজ্ঞান হয়ে যান জিতু কামাল। আচমকাই বুকে ব্যথা শুরু হয় তাঁর, কাঁপুনি দিয়ে আসে জ্বর। যদিও আগে থেকেই জ্বরে ভুগছিলেন পর্দার 'আর্য'। সেদিনই তাঁকে তড়িঘড়ি ফিরিয়ে আনা হয় কলকাতায়। ভর্তি করানো হয় বাইপাসের ধারের একটি হাসপাতালে। সেখানেই তাঁর পরীক্ষা-নিরীক্ষা চলে। অবস্থা স্থিতিশীল হলেও, চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন অভিনেতা। এদিন হাসপাতাল থেকেই নিজের আপডেট ভাগ করে নিলেন তিনি।
জিতু এদিন তাঁর পোস্টে লেখেন, 'হাসপাতালের বেডে শুয়ে হাতে রিভেন অথবা দুঃখী মুখ করে আমি শীঘ্রই ফিরে আসব এই সহানুভূতিশীল ক্যাপশনগুলো দেওয়ার বা ছবি তোলার কখনই আমি পক্ষপাতিত্ব করি না। যারা করেন তাদের বিরুদ্ধাচারণও করিও না। দেখুন গাড়ি সার্ভিস সেন্টারে নিয়ে যাওয়া মানেই গাড়ি খারাপ হয়ে গেছে এমন নয়,অথবা ভয়াবহ অ্যাক্সিডেন্ট হয়েছে বলেই গাড়ি সার্ভিস সেন্টারে গেছে,এমনও নয়। মানব শরীরও তো একটা যন্ত্র। যন্ত্র তো মাঝে মাঝে খারাপ হবেই, অথবা বিকল হবে। তাকেও সার্ভিস সেন্টারে নিয়ে আসতে হবে। হাসপাতালে এসেছি আবার ফিরে যাব। এ অত্যন্ত সাধারণ ঘটনা।' কেন এমনটা হল জানিয়ে তিনি আরও লেখেন, 'এই সময় দাঁড়িয়ে আমি যে কাজ দুটো করছি, সেই কাজ দুটো আমি ভীষণ ভীষণ ভীষণ উপভোগ করছি,আনন্দ পাচ্ছি করতে। মোহের মতো আচ্ছন্ন হয়েছিলাম কাজ দু'টো নিয়ে। তাই জন্য খাওয়া-ঘুমের সময় আমি ভুলে গিয়েছিলাম। সেটা আমার দোষ।'
অভিনেতা 'এরাও মানুষ' এবং 'চিরদিনই তুমি যে আমার' -এর প্রযোজকদের কাছে ক্ষমা চেয়ে লেখেন, 'আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, আমার প্রযোজক এসভিএফ এবং সাঁই ভিগ্নেশ ফিল্মসের কাছে। আমার জন্য তাদের কাজে খানিক বিরতি ঘটল। আমার জন্য তারা হয়তো কিছুটা ক্ষতিগ্রস্ত হল, আমি ক্ষমাপ্রার্থী।'
https://www.facebook.com/100000786511263/posts/25114237811519090
জিতুর পোস্টে তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন অনুরাগীরা।
প্রসঙ্গত 'এরাও মানুষ' ছবির আগে জিতু কামাল এবং শ্রাবন্তী চট্টোপাধ্যায় 'বাবুসোনা', 'আমি আমার মতো', ইত্যাদি ছবিতে জুটি বেঁধেছেন। চলতি বছরে জিতু কামালের 'গৃহপ্রবেশ' ছবিটি দর্শকদের থেকে বেশ ভাল সাড়া পেয়েছিল। বহু বছর পর ছোটপর্দায় কামব্যাক করেও তাক লাগাচ্ছেন অভিনেতা। টিআরপি তালিকায় সেরা পাঁচে নিজের জায়গা ধরে রাখার চেষ্টা করছে 'চিরদিনই তুমি যে আমার'।
