সদ্যই 'ধুরন্ধর' ঝড়ের মাঝেই মুক্তি পেয়েছে কার্তিক আরিয়ানের নতুন ছবি 'তু মেরি ম্যায় তেরা ম্যায় তেরা তু মেরি'। দর্শকদের থেকে মোটের উপর ভালই সাড়া পাচ্ছে ছবিটি। আর তার ফাঁকেই এদিন তিনি জানালেন নিজের বোনের বিয়েতেই নাকি তিনি আমন্ত্রিত অতিথি ছিলেন! কিন্তু কেন এমনটা বললেন অভিনেতা? বাড়ির সব সম্পর্কের রসায়ন ঠিক আছে তো? 

এই বিষয়ে জানিয়ে রাখা ভাল, মাত্র মাসখানেক আগেই কার্তিক আরিয়ানের বোন, কৃতিকা তিওয়ারি সাতপাকে বাঁধা পড়েছেন। বোনের বিয়ের একাধিক ছবি, ভিডিও সমাজমাধ্যমে ভাগ করে নিয়েছেন অভিনেতা। সম্প্রতি কার্তিক আরিয়ান কপিল শর্মার 'দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো'তে অতিথি হিসেবে এসেছিলেন। সেখানেই বোনের বিয়ের বিষয়ে নানা অজানা কথা প্রকাশ্যে এনেছেন। 

বোনের বিয়ের স্মৃতি হাতড়ে এদিন কপিল শর্মাকে কার্তিক আরিয়ান বলেন, 'সব কিছু করেছে আমার মা আর বোন। আমি আমার বোনের বিয়েতে, নিজের পরিবারের একজনের বিয়ের উৎসবে অতিথি ছিলাম। আমি বিনে পয়সায় বাচ করেছি। আমার বোন আমায় তার জন্য একটা পয়সাও দেয়নি।' 

এদিন কার্তিক আরিয়ানের সঙ্গে অনুষ্ঠানে এসেছিলেন 'তু মেরি ম্যায় তেরা ম্যায় তেরা তু মেরি' ছবির সহঅভিনেত্রী অনন্যা পাণ্ডে। তাঁরা কপিল শর্মার এই শোতে এসে আজকালকার প্রজন্মের সম্পর্কে রেড ফ্ল্যাগ এবং গ্রিন ফ্ল্যাগ নিয়ে কথা বলেন। বাদ দেন না আজকালকার সম্পর্কের নিয়ম নিয়ে কথা বলতে। 

তাঁদের এই বিশেষ পর্বটিতে 'দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো'য়ের অন্যান্য পর্বের মতোই ভরপুর মজা, কমেডি ছিল। কপিল শর্মা ছাড়াও তাঁর টিমের সুনীল গ্রোভার, কিকু শারদা, ক্রুষ্ণা অভিষেক, প্রমুখ ছিলেন। আর এই হাসি মজার ফাঁকে অনন্যা পাণ্ডে জানান তাঁর বাবা চাঙ্কি পাণ্ডে বলেছেন পরিবারের সবাই একসঙ্গে কপিল শর্মার শোতে আসা আদতে লস। কম টাকা উপার্জন হবে। তাই আলাদা আলাদা যাওয়াই ভাল। প্রসঙ্গত, 'দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো' নেটফ্লিক্সে দেখা যায়। 

'তু মেরি ম্যায় তেরা ম্যায় তেরা তু মেরি' ছবিটি সমীর সঞ্জয় বিদ্বান পরিচালনা করেছেন। করণ জোহর, কিশোর আরোরা, আদর পুনাওয়ালা এবং শারিন মন্ত্রী কেডিয়া প্রযোজনা করেছেন। ছবিতে সঙ্গীত করেছেন বিশাল, শেখর জুটি এবং হীতেশ সোনিক। ১১ দিনে বক্স অফিসে ছবিটি মাত্র ৩১ কোটি ৯৪ লাখ টাকা আয় করেছে। ফলে 'ধুরন্ধর' ঝড়ে যে বিশেষ কামাল দেখাতে পেরেছে সেটা একেবারেই নয়।