টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন সারাদিনের গরমাগরম খবর কী?

প্রয়াত সুনীল থাপা

নেপালি চলচ্চিত্র জগতের বর্ষীয়ান অভিনেতা সুনীল থাপা প্রয়াত। মৃত্যুকালে বয়স হয়েছিল ৬৮ বছর। দীর্ঘ চার দশকেরও বেশি সময় ধরে রুপোলি পর্দায় তাঁর দাপুটে উপস্থিতি ও অনবদ্য অভিনয়ের জন্য তিনি দর্শকমহলে গভীর সম্মান অর্জন করেছিলেন। শুক্রবার, ৭ ফেব্রুয়ারি কাঠমান্ডুর থাপাথালির নরভিক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। হঠাৎ করেই তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটে। প্রাথমিকভাবে চিকিৎসকদের অনুমান, হৃদরোগে আক্রান্ত হয়েই তাঁর মৃত্যু হয়েছে, যদিও এখনও পর্যন্ত চূড়ান্ত মেডিক্যাল রিপোর্ট প্রকাশ্যে আসেনি।

চার দশকেরও বেশি সময় ধরে সুনীল নেপালি সিনেমার অন্যতম পরিচিত মুখ। ১৯৮১ সালে হিন্দি ছবি ‘এক দুজে কে লিয়ে’র মাধ্যমে চলচ্চিত্র জগতে পা রাখেন তিনি। কেরিয়ারের শুরুর দিকে একাধিক বলিউড ছবিতেও অভিনয় করেন। তবে নেপালি ছবিতেই তাঁর প্রকৃত পরিচিতি ও জনপ্রিয়তা গড়ে ওঠে।

কর্মজীবনে তিনি ৩০০-রও বেশি নেপালি ছবিতে অভিনয় করেছেন। নায়ক থেকে খলনায়ক, সব ধরনের চরিত্রেই ছিল তাঁর সমান সাবলীলতা। তাঁর অভিনীত অন্যতম স্মরণীয় চরিত্র ‘রাতে কৈলা’, জনপ্রিয় ছবি ‘চিনো’তে, আজও দর্শকদের মনে গেঁথে রয়েছে। অনেকেই মনে করেন, এই চরিত্রের মাধ্যমেই নেপালি সিনেমায় পর্দার খলনায়কের সংজ্ঞা নতুন করে নির্ধারিত হয়েছিল।

ভালবাসা দিবসে ফের পর্দায় ‘সাইয়ারা’

ভালবাসা দিবসের আগেই মোহিত সুরি পরিচালিত রোম্যান্টিক ছবি ‘সাইয়ারা ’ ফের বড়পর্দায় ফিরতে চলেছে। গত বছর মুক্তির পরেই বক্স অফিসে ঝড় তুলেছিল এই ছবি। নতুন মুখ আহান পাণ্ডে ও অনীত পাড্ডাকে কেন্দ্র করে তৈরি এই প্রেমের গল্প অল্প সময়ের মধ্যেই দর্শকের মন জয় করে নিয়েছিল।

প্রযোজনা সংস্থা যশ রাজ ফিল্মস যদিও এখনও আনুষ্ঠানিকভাবে পুনর্মুক্তির ঘোষণা করেনি, তবে ইতিমধ্যেই বুকমাইশো-তে ছবির শো-টাইম দেখা যাচ্ছে। 

ভ্যালেন্টাইনস উইক উপলক্ষে মুম্বই, দিল্লি, বেঙ্গালুরু ও পুনের একাধিক প্রেক্ষাগৃহে আবার দেখানো হবে ‘সাইয়ারা’। প্রেমের সপ্তাহে প্রিয় ছবিটি বড়পর্দায় দেখার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত অনুরাগীরা।

অরিজিতের পাশে পঙ্কজ

অভিনেতা পঙ্কজ ত্রিপাঠী বরাবরই ‘ধীরে গতির জীবন’-এর পক্ষে। সাম্প্রতিক সময়ে অরিজিৎ সিং ও জাকির খানের কাজ থেকে বিরতি নেওয়ার সিদ্ধান্তকে সমর্থন করে তিনি বলেন, শিল্পীর জন্য সময় সময় থামা অত্যন্ত জরুরি।

সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে পঙ্কজের বক্তব্য, শিল্পী হওয়া মানেই নিরন্তর চাপের মধ্যে থাকা। তাই নিজেকে নতুন করে গড়ে তুলতে বিরতি নেওয়া বা গতি কমানো প্রয়োজন। তাঁর কথায়, “আমরা কারখানার তৈরি যন্ত্র নই। নতুন কিছু করতে হলে মাঝে মাঝে থামতে শিখতেই হয়।”