গোরা এবং এলার বিয়ের আগেই জমে উঠেছ 'মিলন হবে কতদিনে' ধারাবাহিক। সম্প্রতি গল্পে দেখানো হয়েছে নায়ককে মিথ্যে ড্রাগসের মামলায় ফাঁসিয়েছে তার নিজেরই জামাইবাবু মৈনাক। এবার সেই বিপদের হাত থেকে গোরাকে বাঁচাবে এলা। তবে কি তাদের বিয়ের আগেই খুলে যাবে মৈনাকের মুখোশ? 

সম্প্রতি চ্যানেল কর্তৃপক্ষের তরফে 'মিলন হবে কতদিনে' ধারাবাহিকের একটি নতুন প্রোমো প্রকাশ্যে আনা হয়েছে। সেখানেই দেখা গিয়েছে পুলিশ যখন সঙ্গীতের আসর থেকে নেশাগ্রস্ত গোরাকে ধরে নিয়ে যাচ্ছে সেই সময় মিডিয়ার লোক এসে ছেঁকে ধরে। জানতে চায় এবার কি তবে গোরার কেরিয়ার শেষ? সেই সময়ই এন্ট্রি নেয় এলা। 

নায়িকা এসে সকলের সামনে জানায় গোরা কোনও অপরাধ করেনি। আর যে অপরাধ করেনি, সেই অপরাধের সাজা তাকে ভুগতে হবে না। বলেই পুলিশকে জানায় পরিমল নামক কর্মচারী গোরার গাড়িতে মাদক রেখেছিল। সেটা শুনেই নেশার ঘোরে ক্ষিপ্ত হয়ে ওঠে গোরা। পরিমলের জামার কলার ধরে জানতে চায় তাকে এই কাজ কে করতে বলেছে। জবাব না দিলেও সে মৈনাকের দিকে তাকাবে। তবে কি এখানেই ফাঁস হবে মৈনাকের আসল চেহারা। নাকি নতুন করে ফের কোনও ষড়যন্ত্রের শিকার হবে এলা এবং গোরা? এই উত্তর আগামী পর্বে দেখা যাবে। 

এছাড়া জানা যাচ্ছে আগামীতে দেখা যাবে ছাদনাতলায় মুখোমুখি হবে এলা এবং গোরা। কিন্তু শেষ পর্যন্ত কি তাদের বিয়েটা হবে? নাকি মৈনাক নতুন কোনও চক্রান্ত করবে, সঙ্গে জোট বাঁদবে গুনগুনও?

প্রসঙ্গত, গোরাদের 'হার্ট টু হার্ট' অ্যাপে চাকরি পেয়েছে এলা। সেখানে কাজে ঢুকেই বস গোরার স্বয়ম্বর সভার আয়োজন করে সে। কিন্তু গোরা যে এসব কিছুই মানে না। প্রেম, বিয়েতে তার বিশ্বাস নেই। এদিকে এলা তার পরিবারের সঙ্গে জোট বেঁধে স্বয়ম্বর সভার আয়োজন করলে তাকে শাস্তি দিতে জানায় এলাকেই তার পছন্দ। ওকেই বিয়ে করবে। এই কথায় এলা চমকালেও, দুই পরিবার তাতে রাজি হয়। রাজি হয় নায়িকাও। কিন্তু এই সম্পর্ক মানতে পারে না মৈনাক। সে বিবাহিত হলেও, এলার দিকে তার নজর পড়েছে। তাই ফন্দি এঁটে গোরার গাড়িতে মাদক রাখে। যাতে পুলিশ এই কেসে গোরাকে ধরে নিয়ে যায় এবং তাদের বিয়ে একদিকে ভাঙে, অন্যদিকে গোরাদের সমস্ত সম্পত্তি, ব্যবসা তার দখলে আসে। এখন শেষ পর্যন্ত কী হয় সেটাই দেখার!

প্রসঙ্গত, এই 'মিলন হবে কতদিনে' ধারাবাহিকে এলার ভূমিকায় দেখা যাচ্ছে শোলাঙ্কি রায়কে। অন্যদিকে গোরার ভূমিকায় রয়েছেন গৌরব চট্টোপাধ্যায়। তাঁদের দু'জনকে এর আগে দর্শক 'গাঁটছড়া' ধারাবাহিকে দেখেছেন। সেখান থেকেই জনপ্রিয় হয় 'খড়িদ্ধি' জুটি। সেই গল্পের মাঝপথে ধারাবাহিক ছেড়ে দেন শোলাঙ্কি, তারপর থেকেই দর্শকদের তরফে দাবি করা হতে থাকে এই জুটি ফেরানোর। অবশেষে সেই দাবি বাস্তবায়িত হল। গত বছরের শেষ দিকে শুরু হয়েছে 'মিলন হবে কতদিনে' ধারাবাহিকের পথচলা। এই ধারাবাহিকের হাত ধরে দীর্ঘদিন পর ছোটপর্দায় ফিরেছেন শোলাঙ্কি রায়। এখানে মৈনাকের চরিত্রে রয়েছেন অভিনেতা কৌশিক রায়। এই ধারাবাহিকটি রোজ স্টার জলসার পর্দায় দেখা যায়। সম্প্রচারিত হয় রাত সাড়ে নয়টা থেকে।