অবশেষে সমস্ত ঝড় কাটিয়ে, ভিনগ্রহীদের হাত থেকে পৃথিবীকে বাঁচিয়ে ফিরে এসেছে রাঙামতী। কিন্তু নায়িকা সুখে সংসার করলে গল্প এগোবে কীভাবে? তাই এবার স্টার জলসার এই জনপ্রিয় ধারাবাহিক 'রাঙামতী তীরন্দাজ' -এ আসতে চলেছে বড়সড় টুইস্ট। 

সদ্যই চ্যানেল কর্তৃপক্ষের তরফে 'রাঙামতী তীরন্দাজ' ধারাবাহিকের একটি প্রোমো প্রকাশ্যে আনা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে ওয়ার্ল্ড স্পোর্টস চ্যাম্পিয়নশিপের তীরন্দাজি বিভাগে অংশ নিয়েছে রাঙামতী। কিন্তু সে কি আদৌ নিজের সেরাটা দিয়ে খেলতে পারবে, লক্ষ্যভেদ করে জয়ী হবে? কারণ তীর ধনুক নিয়ে দাঁড়াতেই সে রীতিমত টলতে শুরু করে, চোখ ঝাপসা হয়ে আসে। লক্ষ্যে ফোকাসই করতে পারে না। এরপরই জানা যায় সে গর্ভবতী। কিন্তু এই কথা কাউকে জানায়নি। 

রাঙামতীর শাশুড়ি এসে জানায় তার নাম বিশ্ব স্পোর্টস চ্যাম্পিয়নশিপের জন্য মনোনীত হয়েছে। একলব্য সহ সকলেই বলে, এই প্রতিযোগিতা তাকে জিততেই হবে। কারণ এবার খালি আর ওর বাড়ির লোকজন নয়, বরং গোটা দেশের মানুষের প্রত্যাশা জড়িয়ে রয়েছে রাঙামতীর সঙ্গে তাকে এই প্রতিযোগিতা জিতে দেখাতেই হবে। বাড়ির লোকজন তার উপর এত আশা ভরসা দেখানোয় গর্ভবতী হওয়ার কথা চেপে যায় রাঙামতী। ঠিক করে এই প্রতিযোগিতা তাকে তার সন্তান এবং দেশের জন্য জিততেই হবে, তারপরই সকলকে এই সুখবর দেবে। কিন্তু এভাবে মাথা ঘুরিয়ে যাওয়া, দুর্বল শরীর নিয়ে কি সে আদৌ সেরাটা দিয়ে প্রস্তুতি নিতে বা জিততে পারবে? এই প্রশ্নের জবাব আগামীতে পাওয়া যাবে। 

এই বিষয়ে জানিয়ে রাখা ভাল, মাঝে বেশ কিছু সময় 'রাঙামতী তীরন্দাজ' ধারাবাহিকের প্রোমো দেখে বেজায় হাসাহাসি চলেছে। তবে সেসবকে ছাপিয়ে টিআরপি তালিকায় দাপট জারি রেখেছে এই মেগা। প্রতি সপ্তাহেই সেরা ৫ নিজেকে ধরে রেখেছে। 'রাঙামতী তীরন্দাজ' ধারাবাহিকে মুখ্য ভূমিকায় মনীষা মণ্ডল, নীলাঙ্কুরকে দেখা যায়। 'রাঙামতী তীরন্দাজ' ধারাবাহিকটি স্টার জলসার পর্দায় রোজ সম্প্রচারিত হয়। এটি প্রতিদিন সন্ধ্যা সাড়ে ৭টা থেকে দেখা যায়। বিশ্বসেরা খেলার মঞ্চে রাঙামতী পরীক্ষায় উত্তীর্ণ হতে পারে কিনা সেই দিকেই নজর থাকবে।