বিচ্ছেদের ঘোষণা আগেই এসেছে। তবু স্বামী তাহসান রহমান খানের সঙ্গে কাটানো আদুরে মুহূর্তের ছবিগুলি এতদিন ইনস্টাগ্রামের দেওয়ালে রেখে দিয়েছিলেন রোজা আহমেদ খান। সেই নিয়েই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছিল নানা জল্পনা ও সমালোচনা। অবশেষে সব প্রশ্নে ইতি টানলেন তিনি। তাহসানের সঙ্গে থাকা সব ছবি সরিয়ে ফেললেন রোজা। মুছে গেল প্রেমের অতীতের শেষ দৃশ্যমান চিহ্নটুকুও।
কিছুদিন আগেও রোজার প্রোফাইল জুড়ে সাজানো ছিল ভালবাসায় ভরা নানা মুহূর্তের পোস্ট। আর এই বিষয়টিকেই কেন্দ্র করে প্রশ্ন তুলছিল নেটিজেনদের একাংশ। তাঁদের মতে, বিচ্ছেদের খবরে যখন শিলমোহর পড়েছে, তখন এই ধরনের পোস্ট রাখা ‘অসঙ্গতিপূর্ণ’। কেউ কেউ আবার এই আচরণকে বিভ্রান্তিকর বলেও মন্তব্য করছিলেন।
যাবতীয় চর্চায় ইতি টানলেন রোজা। তাঁর ইনস্টাগ্রাম প্রোফাইলে আর চোখে পড়ে না তাহসানের কোনও উপস্থিতি। সেখানে এখন জায়গা পেয়েছে শুধুই রোজার নিজের ছবি, ব্যক্তিগত মুহূর্ত এবং কাজকর্ম ঘিরে নানা পোস্ট। অতীতের অধ্যায় যেন পুরোপুরি বন্ধ করে নতুন পথে এগিয়ে চলারই ইঙ্গিত দিলেন তিনি।
রোজার প্রোফাইলের প্রথম ছবিটি ছিল তাঁর এবং তাহসানের বিয়ের। সেই ছবির কমেন্ট সেকশন ভরে গিয়েছিল তিক্ত মন্তব্যে। এই পদক্ষেপের মাধ্যমে সেই সব কটূক্তি থেকেও নিস্তার তাঁর।
গত বছরের শুরুতেই কোনও রকম পূর্বাভাস বা গুঞ্জন ছাড়াই নিজের বিয়ের কথা ঘোষণা করে সকলকে চমকে দিয়েছিলেন তাহসান। পেশায় মেকআপ আর্টিস্ট রোজার সঙ্গে জীবনের নতুন অধ্যায় শুরু করেছিলেন জনপ্রিয় এই গায়ক-অভিনেতা। পরে সেই খবরের সত্যতা নিজেই স্বীকার করেন তাহসান। বাংলাদেশের এক প্রথম সারির সংবাদমাধ্যমকে তিনি জানান, “খবরটি সত্যি। গত জুলাইয়ের শেষ দিক থেকে আমরা আলাদা থাকছি। উপযুক্ত সময়ে এই বিষয়ে বিস্তারিত জানাব।” সূত্রের দাবি, বেশ কয়েক মাস ধরেই এই দম্পতির সম্পর্কে টানাপোড়েন চলছিল এবং সেই সম্পর্ক শেষ পর্যন্ত ভাঙনের দিকেই গিয়েছে। এমনকি গত কয়েক মাস ধরে তাঁরা আলাদা থাকছেন বলেও জানা গিয়েছে।
বেশ কয়েক মাস আগেই সোশ্যাল মিডিয়া থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন তাহসান। ফলে এই মুহূর্তে তাঁকে নাগালে পাওয়ার উপায় নেই। তাঁর বিচ্ছেদের খবর প্রকাশ্যে আসতেই তাহসান ও রাফিয়াত রাশিদ মিথিলাকে ঘিরে নতুন করে শুরু হয়েছে জল্পনা। ২০১৭ সালে তাঁদের দাম্পত্যের ইতি ঘটলেও, তারপরেও সম্পর্কের তিক্ততা প্রকাশ্যে আসেনি। বরং দুই প্রাক্তনই বহুবার প্রমাণ করেছেন, বিচ্ছেদের পরেও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখা সম্ভব। এমনকি বিচ্ছেদের পরেও একসঙ্গে কাজ করতেও দেখা গিয়েছে তাঁদের। শোনা যায়, পরিচালক সৃজিত মুখোপাধ্যায়-এর সঙ্গে মিথিলার দাম্পত্য জীবনও নাকি খুব একটা মসৃণ নয়। দীর্ঘদিন ধরেই মেয়ে আয়রাকে নিয়ে বাংলাদেশে রয়েছেন গায়িকা-অভিনেত্রী। তাই দুই প্রাক্তনের এক হওয়ার আশায় দিন গুণছেন অনুরাগীরা।
