আজকাল ওয়েবডেস্ক: পথ দুর্ঘটনায় আহতদের চিকিৎসা নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। কেন্দ্রের তরফে ঘোষণা করা হয়েছে, পথ দুর্ঘটনায় আহত হলে এবার থেকে সর্বোচ্চ সাত দিন পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা পরিষেবা পাবেন আহতরা।
পাশাপাশি, দুর্ঘটনায় কারও মৃত্যু হলে মৃতের পরিবারকে ২ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে। এতদিন এই ক্ষতিপূরণের অঙ্ক ছিল মাত্র ২৫ হাজার টাকা। বৃহস্পতিবার নয়াদিল্লিতে সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের পরিবহণ মন্ত্রীদের নিয়ে আয়োজিত বার্ষিক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠকের সভাপতি ছিলেন পরিবহণ মন্ত্রী নীতিন গড়করি। বৈঠক শেষে তিনি এক্স হ্যান্ডেলে জানান, ‘এই বৈঠকে পথ নিরাপত্তা, যাত্রী ও জনসাধারণের সুবিধা এবং যানবাহন সংক্রান্ত নিয়মকানুন নিয়ে গঠনমূলক আলোচনা হয়েছে।’
নীতিন গড়করি আরও বলেন, ‘সংবিধান অনুযায়ী পরিবহণ একটি সমবায় তালিকাভুক্ত বিষয়। তাই কেন্দ্র ও রাজ্য সরকারের মধ্যে ঘনিষ্ঠ সমন্বয় অত্যন্ত জরুরি’।
বৈঠকের পর পথ দুর্ঘটনা সংক্রান্ত বিষয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্ত অনুযায়ী, দুর্ঘটনায় আহতরা হাসপাতালে সর্বোচ্চ সাত দিন পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা পাবেন এবং সরকার চিকিৎসা খরচ হিসেবে সর্বোচ্চ দেড় লক্ষ টাকা বহন করবে।
দুর্ঘটনার কারণে মৃত্যু হলে মৃতের পরিবারকে ২ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে। বৈঠকে ক্যাশলেস ট্রিটমেন্ট স্কিম, নতুন ড্রাইভিং প্রশিক্ষণ নীতি, হিট অ্যান্ড রান মামলার সংশোধিত ক্ষতিপূরণ নীতি, নয়া যান চলাচল ব্যবস্থা এবং পথ সংক্রান্ত বিভিন্ন নিয়মকানুন নিয়ে আলোচনা হয়।
বর্তমানে পাইলট প্রকল্প হিসেবে ক্যাশলেস চিকিৎসা প্রকল্প চালু হয়েছে। এই প্রকল্পে দুর্ঘটনায় আহত ব্যক্তিকে দ্রুত হাসপাতালে ভর্তি করে বিনামূল্যে চিকিৎসা দেওয়া হবে এবং সাত দিন পর্যন্ত চিকিৎসার সমস্ত খরচ সরকার বহন করবে।
প্রধানমন্ত্রী সঙ্গে আলোচনার পর এই প্রকল্পের আনুষ্ঠানিক নামকরণ ও উদ্বোধন করা হবে। এরপর সারা দেশে এটি কার্যকর করা হবে। এছাড়াও, আগামী ২৫ জানুয়ারি থেকে একটি নতুন ড্রাইভিং প্রশিক্ষণ নীতি চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এই নীতির লক্ষ্য দেশে প্রায় ২২ লক্ষ চালকের ঘাটতি পূরণ করা। এর আওতায় বিভিন্ন রাজ্যে আধুনিক ড্রাইভিং ট্রেনিং সেন্টার খোলা হবে এবং উন্নত প্রশিক্ষণ ব্যবস্থার মাধ্যমে দক্ষ চালক তৈরি করা হবে।
হিট অ্যান্ড রান মামলার ক্ষতিপূরণ নিষ্পত্তি প্রক্রিয়াও আরও কার্যকর করার উদ্যোগ নিয়েছে সরকার। এই ধরনের ঘটনায় ক্ষতিপূরণের অঙ্ক ১২ হাজার টাকা থেকে বাড়িয়ে ৫০ হাজার টাকা করা হয়েছে এবং মৃত্যুর ক্ষেত্রে তা ২৫ হাজার টাকা থেকে বাড়িয়ে ২ লক্ষ টাকা করা হয়েছে।
এছাড়াও, যানবাহনের মধ্যে সমন্বয় ও নজরদারির জন্য ভেহিকেল টু ভেহিকেল প্রযুক্তি ব্যবহারের পরিকল্পনা করা হয়েছে। এর মাধ্যমে কুয়াশার মধ্যে গাড়ি চালানো, সেন্ট্রাল মনিটরিং এবং পথ নিরাপত্তা আরও উন্নত করা হবে। পাশাপাশি, প্রতিবন্ধী যাত্রীদের সুবিধার জন্য বাসে হুইলচেয়ার ও হাইড্রোলিক স্টেপের মতো বিশেষ ব্যবস্থা চালু করার কথাও জানিয়েছে কেন্দ্র সরকার।
