আজকাল ওয়েবডেস্ক: বিয়ের মরশুমে কখনও মজার, কখনও আবেগপ্রবণ মুহূর্তের ভিডিও, ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। যা দেখে নেটিজেনরাও মেতে ওঠেন। তেমনি এক আবেগপ্রবণ মুহূর্তের ভিডিও ঘিরে সোশ্যাল মিডিয়ায় বেশ আলোচনায় মগ্ন নেটিজেনরা। 

বিয়ের আসরে দিন কয়েক নাচ-গানে সকলে মেতে থাকলেও, পাত্রীর বিদায়ের মুহূর্ত চোখে জল আসে সকলের। পাত্রীর ভাই-বোনেদের কান্নায় ভেঙে পড়তে দেখা যায়। সম্প্রতি এক পাত্রীর বিদায়ের পর, তাঁর পিছু পিছু ৭০ কিমি পথ যেতে দেখা গেছে তাঁর ভাইকে। দিদি শ্বশুরবাড়িতে যাচ্ছিলেন গাড়িতে করে। তাঁর পিছনে সাইকেল চালিয়ে ৭০ কিমি পথ ছুটে যান ভাই। 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে ঘটনাটি ঘটেছে বিহারের পুর্নিয়া জেলার চম্পা নগরে। জানা গেছে, বিয়ের পর বরযাত্রীদের সঙ্গে শ্বশুরবাড়ির উদ্দেশে গাড়িতে রওনা দেন নববধূ। কিন্তু সেই গাড়িতে আর জায়গা ছিল না। তাই তাঁর ছোট ভাই গাড়িতে উঠতে পারেননি। কিন্তু বিদায়ের পরেও দিদিকে তিনি ছাড়বেন না। তাঁর সঙ্গেই শ্বশুরবাড়িতে যাবেন। তাই সেই গাড়ির পিছনে সাইকেল চালিয়ে ছুটে যান ভাই। তাও আবার ৭০ কিলোমিটার পথ। 

সমাজমাধ্যমে এই ঘটনার ভিডিওটি ছড়িয়ে পড়েছে ঝড়ের গতিতে। যার ক্যাপশনে লেখা, 'দিদির বিদায়ের পর গাড়িতে বসার জায়গা পাননি ভাই। তাই দিদির গাড়ির পিছন পিছন ৭০ কিলোমিটার সাইকেল চালিয়ে ছুটে যান।'

ভিডিওটি ইতিমধ্যেই কয়েক লক্ষ মানুষ দেখেছেন। যা দেখে আবেগপ্রবণ হয়ে পড়েছেন হাজার হাজার মানুষ। এক তরুণী লিখেছেন, 'ভিডিওটি দেখে আমার ভাইয়ের কথা মনে পড়ছে।' আরেকজন লিখেছেন, 'পৃথিবীর সব দিদিদের এমন একটা ভাই থাকুক।' এক যুবক লিখেছেন, 'ভাই, তুমি আমাদের কাঁদিয়ে দিলে।' 

স্থানীয়রা জানিয়েছেন, বিহারে এটি একটি স্থানীয়রা আচার। বিয়ের পর নববধূর সঙ্গে শ্বশুরবাড়িতে যান তাঁর দাদা, ভাই ও পরিবারের কয়েকজন পুরুষ সদস্য। একে বলে 'লোকনা' রীতি। শ্বশুরবাড়িতে গিয়ে পাত্রকে আশীর্বাদ করে নানা উপহারে ভরিয়ে দেওয়া হয়। নববধূর শ্বশুরবাড়িতেই চলে খাওয়াদাওয়া ও উদযাপন।