আজকাল ওয়েবডেস্ক: ফের গাড়িতে দাউদাউ আগুন। বন্ধ গাড়ির মধ্যেই জীবন্ত দগ্ধ সকল যাত্রী। জীবন্ত অবস্থায় ঝলসে গিয়ে মৃত্যু হয়েছে তিনজনের। গুরুতর আহত হয়েছেন আরও একজন। 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, বুধবার ভোরে দুর্ঘটনাটি ঘটেছে রাজস্থানের জয়পুরে দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়েতে। পুলিশ জানিয়েছে, গাড়িটি দিল্লি থেকে জয়পুরের দিকে যাচ্ছিল। রেনি থানার অন্তর্গত চ্যানেল নম্বর ১৩১-এর কাছে আরেকটি পিকআপ ভ্যানের সঙ্গে সংঘর্ষ হয়। সংঘর্ষের কিছুক্ষণ পরেই গাড়িটিতে দাউদাউ করে আগুন জ্বলতে শুরু করে। 

পুলিশকে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, পিকআপ ভ্যান ও গাড়ির এমন সজোরে সংঘর্ষ হয়, নিমেষে মধ্যে গোটা গাড়িতে আগুন ছড়িয়ে পড়ে। স্থানীয়রা উদ্ধারকাজে ছুটে গেলেও, বন্ধ গাড়ি থেকে যাত্রীদের উদ্ধার করতে পারেননি। গাড়ির মধ্যে তিনজন যাত্রী ছিলেন। অগ্নিকাণ্ডের জেরে তিনজনেই ঝলসে গাড়ির মধ্যেই মারা যান। 

আরেকটি পিকআপ ভ্যানের চালক গুরুতর চোট পেয়েছেন। শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে, তাঁকে জয়পুরের এক হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। দুর্ঘটনার খবর পেয়েই রেনি থানার পুলিশ তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয়। দগ্ধ দেহগুলি উদ্ধার করে রেনি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। দেহগুলি এখনও শনাক্ত করা যায়নি। 

প্রসঙ্গত, গতকাল মঙ্গলবার সকালে ঘন কুয়াশার জেরে দিল্লি-আগ্রা এক্সপ্রেসওয়েতে অন্তত সাতটি বাস, তিনটি গাড়ির সংঘর্ষ হয়। সজোরে ধাক্কার পরেই গাড়িগুলিতে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। ভোর ৪:৩০ মিনিটে মথুরার বলদেব এলাকায় এই দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনায় ১৩ জনের মৃত্যু হয়েছে। ৩৫ জন আহত হয়েছেন। 

গত সোমবার দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়েতে আরেকটি দুর্ঘটনা ঘটেছিল। ধোঁয়াশার জেরে পরপর কুড়িটি গাড়ির মধ্যে সংঘর্ষ হয়। উল্টে যায় একাধিক ট্রাক। এর ফলে দুই পুলিশকর্মী-সহ চারজনের মৃত্যু হয়েছিল। গুরুতর আহত হয়েছিলেন ২০ জন। 

প্রসঙ্গত, গত অক্টোবরেই রাজস্থানে চলন্ত বাসে অগ্নিকাণ্ডের জেরে বহু প্রাণহানির ঘটনা ঘটেছিল। সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছিল রাজস্থানে। মঙ্গলবার বিকেলে পুলিশ সূত্রে জানা গেছে, দুর্ঘটনাটি ঘটেছিল বিকেলে জয়সালমের - যোধপুর হাইওয়েতে। বাসটি জয়সালমের থেকে যোধপুরের দিকে যাচ্ছিল। মাঝ পথেই চলন্ত বাসে দাউদাউ করে আগুন জ্বলে ওঠে। পালানোর সুযোগ পাননি বহু যাত্রী। বাসের মধ্যেই অগ্নিদগ্ধ হয়ে ১৯ জন যাত্রী প্রাণ হারিয়েছেন। 

পুলিশ সূত্রে জানা গেছে, বাসটি জয়সালমের থেকে দুপুর তিনটে নাগাদ যোধপুরের উদ্দেশে রওনা দিয়েছিল। বাসে মোট ৫৭ জন যাত্রী ছিলেন। জয়সালমের - যোধপুর হাইওয়েতে চলন্ত বাসের পিছনের দিকে কালো ধোঁয়া দেখা গিয়েছিল প্রথমে। কালো ধোঁয়া নজরে পড়তেই বাসটি হাইওয়ের একপাশে থামান চালক। নিমেষের মধ্যে গোটা বাসে আগুন ছড়িয়ে পড়ে। 

বাসটি দাউদাউ করে জ্বলতে দেখেই স্থানীয়রা ও পথচলতি মানুষ উদ্ধারকাজে ছুটে আসেন। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একাধিক ইঞ্জিন ও বিশাল পুলিশ বাহিনী। দ্রুত আগুন নেভানোর কাজ শুরু হয়। কিন্তু ততক্ষণে বাসের মধ্যেই আটকে পড়েন বহু যাত্রী।‌ জীবন্ত দগ্ধ হন ২১ জন যাত্রী। আহতদের তড়িঘড়ি করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।