আজকাল ওয়েবডেস্ক: ভারত সফরে এসেছেন সংযুক্ত আরব আমিরশাহির প্রেসিডেন্ট। কিন্তু এই সফর মাত্র তিন ঘণ্টার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সোমবার দিল্লিতে আমিরশাহির প্রেসিডেন্ট শেখ মহম্মদ বিন জায়েদ আল নাহিয়ানকে স্বাগত জানান। সেই মুহূর্তের ছবি শেয়ার করেছেন মোদি স্বয়ং। ছবিতে দেখা যাচ্ছে দুই নেতাকে একে অপরকে আলিঙ্গন করছেন। প্রধানমন্ত্রী মোদি এক্স-এ একটি পোস্টে লিখেছেন ‘আমার ভাইকে স্বাগত জানাতে’ বিমানবন্দরে। বিদেশ মন্ত্রক জানিয়েছে, মোদির আমন্ত্রণেই ভারতে এসেছেন শেখ মহম্মদ বিন জায়েদ আল নাহিয়ান।
প্রধানমন্ত্রী পোস্টটিতে লিখেছেন, "আমার ভাই, সংযুক্ত আরব আমিরশাহির প্রেসিডেন্ট শেখ মহম্মদ বিন জায়েদ আল নাহিয়ানকে স্বাগত জানাতে বিমানবন্দরে গিয়েছিলাম। তাঁর এই সফর ভারত-সংযুক্ত আরব আমিরশাহির বন্ধুত্বকে তিনি কতটা গুরুত্ব দেন, তা তুলে ধরেছে। আমাদের আলোচনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।”
দুই নেতা বিমানবন্দর থেকে একই গাড়িতে করে একসঙ্গে যাত্রা করেন। প্রধানমন্ত্রী মোদি শেখ মহম্মদের সঙ্গে তোলা বেশ কিছু ছবিও পোস্ট করেছেন, যার মধ্যে একটি ছবিতে দুই নেতাকে গাড়ির ভিতরে বসে থাকতে দেখা যাচ্ছে এবং অন্য একটি ছবিতে তাঁদেরকে আলিঙ্গনরত অবস্থায় দেখা যাচ্ছে।
মাত্র তিন ঘণ্টার এই সফরটি এমন এক সময়ে হচ্ছে যখন পশ্চিম এশিয়ায় উত্তেজনা তুঙ্গে রয়েছে। যার মধ্যে রয়েছে ইরান-মার্কিন সম্পর্কের টানাপোড়েন, গাজায় অস্থিরতা এবং সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরশাহিকে জড়িয়ে ইয়েমেনের অমীমাংসিত সংঘাত। শেখ মহম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সময়েই মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প গাজা শান্তি পরিকল্পনার দ্বিতীয় পর্যায় শুরু করার প্রস্তুতি নিচ্ছেন। যার লক্ষ্য হল গাজা পরিচালনার জন্য একটি জাতীয় কমিটি গঠন করা।
এর আগে ২০২৪ সালের সেপ্টেম্বরে আবু ধাবির ক্রাউন প্রিন্স শেখ খালেদ বিন মহম্মদ বিন জায়েদ আল নাহিয়ান এবং ২০২৫ সালের এপ্রিলে সংযুক্ত আরব আমিরশাহির উপ-প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী এবং দুবাইয়ের ক্রাউন প্রিন্স শেখ হামদান বিন মহম্মদ বিন রশিদ আল মাকতুম ভারত সফরে এসেছিলেন। সংযুক্ত আরব আমিরশাহির প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটি শেখ মহম্মদের ভারতে তৃতীয় সরকারি সফর এবং গত এক দশকে দেশে তাঁর পঞ্চম সফর।
