আজকাল ওয়েবডেস্ক: পরকীয়া সম্পর্কের জেরে একের পর এক খুন৷ প্রেমের পথে কাঁটা হয়ে দাঁড়িয়েছিলেন স্বামী। তাই স্বামীকেই শ্বাসরোধ করে খুনের অভিযোগে গ্রেপ্তার হলেন স্ত্রী, তাঁর প্রেমিক ও অন্য এক সহযোগী। সোমবার পুলিশ জানিয়েছে, হায়দরাবাদের বোদুপ্পাল এলাকায় এই ঘটনাটি ঘটেছে। নিহতের নাম শ্রীনিবাস (৪৫)। তিনি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে লজিস্টিক ম্যানেজার পদে কাজ করতেন।

পুলিশ সূত্রের খবর, গত ১১ ডিসেম্বর রাতে কাজ থেকে ফেরার পরেই শ্রীনিবাসের ওপর হামলা চালায় অভিযুক্তরা। তদন্তে জানা গিয়েছে, ৩৬ বছর বয়সি ওই গৃহবধূর সঙ্গে ২২ বছরের এক যুবকের অবৈধ সম্পর্ক গড়ে উঠেছিল। কিন্তু কিছুদিনের মধ্যেই স্বামী সেই সম্পর্কের কথা জেনে যান। এরপর শুরু হয় অশান্তি৷ প্রেমের সম্পর্কে বাধা দিতে শুরু করায় তাঁকে সরিয়ে দেওয়ার ছক কষে স্ত্রী। পরিকল্পনা মাফিক, প্রেমিকের সঙ্গে মিলে স্বামীকে নিজের বাড়িতেই খুন করেন ওই মহিলা।

তদন্তকারীরা জানাচ্ছেন, খুনের পর বিষয়টিকে স্বাভাবিক মৃত্যু বলে চালানোর মরিয়া চেষ্টা করেছিলেন স্ত্রী। তিনি প্রথমে রটিয়ে দেন যে, তাঁর স্বামী হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন। থানায় গিয়েও তিনি একই বয়ান দেন। কিন্তু ময়নাতদন্তের রিপোর্টে গলার নলি ও গালে আঘাতের চিহ্ন দেখে পুলিশের সন্দেহ হয়। এরপরই এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে আসল রহস্য ফাঁস করে দেয় মেড়িপল্লী থানার পুলিশ।

পুলিশ জানিয়েছে, ওই রাতে অভিযুক্তরা প্রথমে শ্রীনিবাসকে মারধর করে। স্ত্রী নিজে স্বামীর পা চেপে ধরেন এবং তাঁর প্রেমিক ওড়না পেঁচিয়ে শ্রীনিবাসকে শ্বাসরোধ করে খুন করে। প্রমাণ লোপাটের জন্য নিহতের পোশাকও বদলে দিয়েছিল তারা। আপাতত অভিযুক্ত তিন জনই শ্রীঘরে। পুরো ঘটনার তদন্ত চলছে।