আজকাল ওয়েবডেস্ক: জন্মের সঙ্গে সঙ্গেই কান্নার শব্দ। প্রায় সকলেই এই দৃশ্যের সঙ্গে পরিচিত। পৃথিবীর প্রায় সব হাসপাতালেই এই একই ছবি দেখা যায় কোনও না কোনও সময়ে।

কিন্তু প্রশ্ন হল নবজাতক জন্মের মুহূর্তে কাঁদে কেন? কোনও শিশু জন্মের সময় হেসে ওঠা বা সম্পূর্ণ শান্ত থাকে না কেন? এই নিয়ে বহুদিন ধরেই গবেষণা করছেন বিজ্ঞানীরা।

যার উত্তর মেলেনি আজও। জন্মের মুহূর্ত বিজ্ঞান, প্রকৃতি ও জীবনের এক বিস্ময়কর রহস্য। জন্মের সময় কান্নার দৃশ্য এতটাই পরিচিত যে অনেকেই মনে করেন, এটাই হয়তো স্বাভাবিক নিয়ম।

কিন্তু আদৌ কি কান্না বাধ্যতামূলক? চিকিৎসাবিজ্ঞানের মতে, নবজাতকের কান্না কোনও আবেগ, ভয় বা ব্যথার বহিঃপ্রকাশ নয়। এটি শিশুর শরীরে নতুন শুরুর একটা সঙ্কেত।

বেশিরভাগ বিজ্ঞানীর ধারণা অনুযায়ী জন্মের মুহূর্তে শিশুরা তেমন কোনও ব্যথা অনুভবই করে না, যা সাধারণত কান্নার কারণ বলে মনে করা হয়।

বিজ্ঞানীদের মতে, প্রায় ন’মাস ধরে প্রত্যেকটি শিশু গর্ভের ভিতর থাকে সম্পূর্ণ সুরক্ষিত ও নিয়ন্ত্রিত পরিবেশে। সেই অবস্থা সম্পূর্ণ ভিন্ন। আলাদা করে শ্বাস নেওয়ারও প্রয়োজন হয় না।

কিন্তু জন্মের সঙ্গে সঙ্গেই শিশুকে প্রথমবারের মতো নিজে থেকে শ্বাস নিতে হয়। হঠাৎ করে বাতাস ঢুকে পড়ে ফুসফুসে। প্রথমবার গভীর শ্বাস নেওয়ার সময় যে চাপ তৈরি হয়, সেটাই শিশুর কান্নার মূল কারণ।

কান্নার ফলে দ্রুত ফুসফুসের ক্ষুদ্র বায়ুথলি বা অ্যালভিওলাই বাতাসে ভরে যায়। শ্বাসপ্রশ্বাসের পুরো ব্যবস্থা নিমেষে সক্রিয় হয়ে ওঠে।

পাশাপাশি তাপমাত্রা ও পরিবেশের পরিবর্তনও কান্নার অন্যতম কারণ। বিজ্ঞানীরা জানাচ্ছেন, গর্ভের ভিতরের তাপমাত্রা প্রায় ৩৭ ডিগ্রি সেলসিয়াস।

জন্মের পর হঠাৎই নবজাতক এক নতুন জগতে প্রবেশ। প্রথমবার আলো দেখা, বাতাসের স্পর্শ অনুভব করা, মাধ্যাকর্ষণের প্রভাব টের পাওয়া সবকিছুর প্রভাব বেরিয়ে আসে কান্নার ভিতর দিয়ে।

জন্মের সময় শিশুর কান্না চিকিৎসকদের কাছেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি নবজাতকের সুস্থতার একটি প্রধান লক্ষণ হিসেবে বিবেচিত হয়।

কান্না মূলত জানিয়ে দেয় যে শিশুর শ্বাসপ্রশ্বাস স্বাভাবিকভাবে শুরু হয়েছে। কেউ জন্মের সময় না কাঁদলে চিকিৎসকরা শিশুটির পিঠে, পায়ে হালকা স্পর্শ করে শ্বাসপ্রশ্বাসের প্রক্রিয়া সক্রিয় করেন।

খুব বিরল ক্ষেত্রে এমনও হতে পারে না কেঁদেও শিশুটি শান্তভাবে শ্বাস নিচ্ছে। তবে অনেকের মনে প্রশ্ন, হাসতে হাসতে কী কোনও শিশু জন্ম নিতে পারে?

বিজ্ঞানের স্পষ্ট উত্তর ‘না’। এমন কোনও ঘটনা আজ পর্যন্ত ঘটেনি যেখানে কোনও নবজাতক জন্মের মুহূর্তে হাসছে। জন্মের সময় নবজাতকের মস্তিষ্ক এতটা পরিণত থাকে না যে সে হাসতে পারে।