আজকাল ওয়েবডেস্ক: জমে উঠেছে বিজয় হাজারে ট্রফি। সেমিফাইনালে উঠে গেল সৌরাষ্ট্র এবং কর্নাটক। সোমবার কোয়ার্টার ফাইনালে তারা হারিয়েছে যথাক্রমে উত্তরপ্রদেশ এবং মুম্বইকে। বৃষ্টির কারণে দুই দলকেই জিততে হয়েছে ‘ভিজেডি’ নিয়মে। ভারতের ঘরোয়া ক্রিকেটে এই নিয়ম ব্যবহার করা যায়, যা অনেকটা আন্তর্জাতিক ক্রিকেটে ব্যবহৃত ‘ডাকওয়ার্থ–লুইস’ নিয়মের মতো।
উত্তরপ্রদেশ গ্রুপে সাতটি ম্যাচের প্রতিটিতে জিতে কোয়ার্টারে উঠেছিল। তবে দলের সেরা ক্রিকেটার ধ্রুব জুরেলকে ছাড়াই নেমেছিল তারা। জুরেল যোগ দিয়েছেন ভারতীয় দলে। প্রথমে ব্যাট করতে নেমে ৩১০/৮ তুলেছিল উত্তরপ্রদেশ। জবাবে ৪০.১ ওভারে সৌরাষ্ট্রের স্কোর ২৩৮/৩ থাকা অবস্থায় বৃষ্টি নামে। এর পর ভিজেডি পদ্ধতিতে সৌরাষ্ট্রকে বিজয়ী ঘোষণা করা হয়।
জিততে সৌরাষ্ট্রের ১০ ওভারে ৭৭ রান দরকার ছিল। ফলে পুরো খেলা হলেও তাদের জয় নিয়ে বিশেষ সংশয় ছিল না। সৌরাষ্ট্রের হয়ে ১১৬ বলে ১০০ রানে ব্যাট করছিলেন হার্ভিক।
উত্তরপ্রদেশের হয়ে ভাল খেলেন অভিষেক গোস্বামী এবং সমীর রিজভি। দু’জনেই ৮৮ রান করেন।
এদিকে, কর্নাটকের হয়ে দেবদত্ত পাডিক্কালের স্বপ্নের ফর্ম অব্যাহত। খেলা শুরুর আগেই আঙুলে চোট পেয়ে ছিটকে যান মুম্বইয়ের সরফরাজ খান। ব্যক্তিগত কারণে ছিলেন না তুষার দেশপান্ডেও। দু’জনের অনুপস্থিতিতে মুম্বই ২৫৪/৮ তোলে।
জবাবে মায়াঙ্ক আগরওয়াল এবং পাডিক্কাল শুরুর দিকে সাবধানে খেলতে থাকেন। কর্নাটকের স্কোর ৩৩ ওভারে ১৮৭/১ থাকার সময় বৃষ্টি নামে। ভিজেডি পদ্ধতিতে কর্নাটক এগিয়েছিল ৫৫ রানে। তাদেরই বিজয়ী ঘোষণা করা হয়।
তবে এটা ঘটনা, চলতি প্রতিযোগিতায় আট ইনিংসে ৭১৫ রান হয়ে গেল পাডিক্কালের। চারটি শতরান এবং দু’টি অর্ধশতরান করেছেন তিনি।
এদিকে, ভদোদরায় গুরুত্বপূর্ণ জুটি গড়েছিলেন শ্রেয়স আইয়ার ও বিরাট কোহলি। একটুর জন্য অর্ধশতরান মিস করলেও ভারতের জয় আটকায়নি। চোট সারিয়ে ফিরেছেন সহ–অধিনায়ক হয়ে। কথা হচ্ছে শ্রেয়স আইয়ারকে নিয়ে।
রবিবার প্রথম ম্যাচের পর সেই বিরাট কোহলির প্রশংসা শোনা গেল শ্রেয়স আইয়ারের মুখে। স্পষ্ট জানালেন, বিরাট অন্যদের থেকে আলাদা। কারণ তিনি যা বলেন, সেটাই করে দেখান। নিজের প্রত্যাবর্তন নিয়েও মুখ খুলেছেন শ্রেয়স।
রবিবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে ৯১ বলে ৯৩ রান করেন কোহলি। ভারত জেতে ৩০০ রান তাড়া করে। কোহলি দ্রুততম ক্রিকেটার হিসাবে সব ফরম্যাট মিলিয়ে ২৮ হাজার রান করে ফেললেন। এখন শুধু শচীন তেন্ডুলকার তাঁর আগে রয়েছেন।
