আজকাল ওয়েবডেস্ক: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ঠিক যেখানে শেষ করেছিলেন, ঘরোয়া ক্রিকেটে সেখান থেকেই যেন শুরু করলেন বিরাট কোহলি।
বিজয় হাজারে ট্রফির প্রথম ম্যাচে অন্ধ্রপ্রদেশের বিরুদ্ধে বিরাট কোহলি ১০১ বলে ১৩১ রানের ইনিংস খেলেছিলেন। দ্বিতীয় ম্যাচেও সেঞ্চুরির দিকেই এগোচ্ছিলেন তিনি। গুজরাটের বিরুদ্ধে ৬১ বলে ৭৭ রানের ইনিংস খেলেন কোহলি। ম্যাচের সেরাও হন তিনি।
বিজয় হাজারে ট্রফিতে কোহলিকে কি আর দেখা যাবে? তারকা ব্যাটারকে নিয়ে এরকম একটা প্রশ্ন ছড়াচ্ছিল দেশের ক্রিকেটমহলে। ডিডিসিএ-র প্রেসিডেন্ট রোহন জেটলি এদিন জানিয়ে দেন ৬ জানুয়ারি দিল্লির হয়ে নামবেন তিনি।
রোহন জেটলি সংবাদ সংস্থা পিটিআই-কে বলেন, ''এখনও পর্যন্ত খবর কোহলি খেলছে। তিনটি ম্যাচে খেলার কথা জানিয়েছে ও।''
১১ জানুয়ারি নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজ রয়েছে ভারতের। সেই সিরিজের জন্য দলঘোষণা এখনও হয়নি। নতুন বছরের শুরুতে নিউজিল্যান্ড সিরিজের জন্য দলঘোষণা করবে বিসিসিআই।
তবে কিউয়িদের বিরুদ্ধে নামার আগে কোহলির ফর্ম কিন্তু আশ্বস্ত করছে নির্বাচকদের।
এদিকে অন্ধ্রপ্রদেশের বিরুদ্ধে ১৩১ রানের ইনিংস খেলা চলাকালীন লিস্ট এ ক্রিকেটে ১৬ হাজার রান পূর্ণ করেন কিং কোহলি। শচীনের পর দ্বিতীয় ভারতীয় হিসাবে লিস্ট এ ক্রিকেটে ১৬ হাজার রান করার নজির গড়েন কোহলি। শচীন ১৬ হাজার রান করেছিলেন ৩৮৫ ইনিংসে। আর বিরাট তা অতিক্রম করেন ৩৩০ ইনিংসে।
রোহন জেটলির এহেন ঘোষণার পর দেশের ক্রিকেটপ্রেমীরা কোহলির বিরাট ব্যাটিং দেখার অপেক্ষায় থাকবে এ কথা বলাই বাহল্য। নিউজিল্যান্ডের বিরুদ্ধে নামার আগে ৬ তারিখের ম্যাচ কোহলির কাছে প্রস্তুতির শেষ সুযোগ।
