অনুরাগ সিং পরিচালিত ‘বর্ডার ২’ শুক্রবার মুক্তি পেল প্রেক্ষাগৃহে। ১৯৯৭ সালের কাল্ট ওয়ার-ড্রামা ‘বর্ডার’-এর এই সিক্যুয়েল বড়পর্দায় ফিরিয়ে আনছে নস্টালজিয়ার এক প্রবল ঢেউ। ছবির মুক্তির আগেই জোর প্রশ্ন উঠেছিল অক্ষয় খান্না এবং সুনীল শেট্টি কি বিশেষ ক্যামিওতে ফিরছেন? বিশেষ করে ছেলে আহান শেট্টির জন্য এ ছবির প্রচারে সক্রিয়ভাবে অংশ নেওয়ায় সুনীল শেট্টিকে ঘিরে সেই জল্পনা আরও দানা বাঁধে। তবে ছবি মুক্তির পর স্পষ্ট, দু’জনকে পর্দায় সরাসরি দেখা না গেলেও, তাঁদের একেবারে ভুলে যাননি নির্মাতারা।

‘বর্ডার ২’-এর এন্ড-ক্রেডিট দৃশ্যেই রয়েছে আবেগের সবচেয়ে বড় চমক। ছেলের মৃত্যুর ছয় বছর পর, স্ত্রী (মোনা সিংহ)কে সঙ্গে নিয়ে গুরুদ্বারে যান সানি দেওল। সেখানেই এক হৃদয়স্পর্শী মুহূর্তে ১৯৭১-এর যুদ্ধে শহিদ হওয়া সৈনিকদের কথা মনে করেন তিনি। সেই স্মৃতির ভিড়েই ফিরে আসে তাঁর পুরনো সহযোদ্ধারা-সুনীল শেট্টি, অক্ষয় খান্না ও জ্যাকি শ্রফ। বাস্তবে নয়, গুরুদ্বারের ভিতরে কল্পনার অবয়বে। এই দৃশ্যই দর্শকদের মনে জাগিয়ে তোলে ‘বর্ডার’-এর স্মৃতি, তৈরি করে প্রবল আবেগ ও নস্টালজিয়া।

ছবির প্রচারপর্বে সুনীল শেট্টি নিজেও কথা বলেছিলেন তাঁর চরিত্রের পরিণতি নিয়ে। সংবাদমাধ্যমকে তিনি বলেছিলেন,“এই ছবি আমি কখনও ভুলব না। দেশের জন্য মরতে পারলে ভালই লাগে। কিন্তু এই প্রথম মনে হয়েছিল, যদি ‘বর্ডার’-এ আমি বেঁচে আছি বলেই ‘বর্ডার ২’-এর অংশ হতে পারলাম।”

প্রেক্ষাগৃহে মুক্তির পর ‘বর্ডার ২’ ওটিটিতেও আসবে। শোনা যাচ্ছে, ছবিটির ডিজিটাল স্বত্ব ইতিমধ্যেই নেটফ্লিক্সের কাছে বিক্রি হয়েছে। যদিও এখনও আনুষ্ঠানিকভাবে ওটিটি মুক্তির তারিখ ঘোষণা করা হয়নি। যেহেতু সদ্য ছবি মুক্তি পেয়েছে, তাই এখনই নির্দিষ্ট করে কিছু বলা যাচ্ছে না। তবে বক্স অফিসে ছবির পারফরম্যান্স ও প্রেক্ষাগৃহে চলার মেয়াদের উপর ভিত্তি করে, আগামী মার্চ বা এপ্রিল নাগাদ ওটিটিতে আসার সম্ভাবনা রয়েছে।

উল্লেখ্য, ‘বর্ডার ২’ আসলে জে.পি. দত্ত পরিচালিত ১৯৯৭ সালের সুপারহিট ছবি ‘বর্ডার’-এর সিক্যুয়েল, যেখানে তুলে ধরা হয়েছিল ১৯৭১ সালের ভারত-পাক যুদ্ধের লংগেওয়ালা যুদ্ধ। সেই ঐতিহ্যকে সামনে রেখেই বড় মাপের দেশপ্রেমের গল্প বলতে চেয়েছেন নির্মাতারা, যেখানে সামরিক আবহই ছবির মূল শক্তি।

এই ছবিতে ফোকাস করা হয়েছে ১৯৭১ সালের ভারত-পাক যুদ্ধের পশ্চিম ফ্রন্টে সংঘটিত অন্যতম গুরুত্বপূর্ণ যুদ্ধ-বাসান্তর যুদ্ধের উপর। সেই যুদ্ধে ভারতীয় সেনারা গুরুত্বপূর্ণ এলাকায় জয় ছিনিয়ে নিয়েছিল, বিশেষ করে পাঞ্জাব ও জম্মু সেক্টরে।

পরিচালক অনুরাগ সিং এর আগেও ‘কেশরী’ ছবির মাধ্যমে যুদ্ধক্ষেত্রের বাস্তবতা ও চরিত্রনির্ভর গল্প বলার দক্ষতা দেখিয়েছেন। ফলে ‘বর্ডার ২’-এও সেই মিশ্রণের প্রত্যাশা করছেন দর্শকরা। ছবিটি প্রযোজনা করেছেন ভূষণ কুমার, কৃষ্ণ কুমার, জে.পি. দত্ত ও নিধি দত্ত। অভিনয়ে রয়েছেন মোনা সিংহ, সোনম বাজওয়া এবং আনিয়া সিংহ গুরুত্বপূর্ণ ভূমিকায়। মুখ্য চরিত্রে দেখা যাবে সানি দেওল, বরুণ ধওয়ান, আহান শেট্টি এবং দিলজিৎ দোসাঞ্জকে।