সিনেমা ইন্ডাস্ট্রির সঙ্গে বিনোদন, বিতর্ক, আলো ঝলমলে প্রচারের সঙ্গে জড়িয়ে থাকে ব্যবসার বিষয়টিও। একটি ছবির ব্যবসা এখন স্রেফ তারকা নির্ভর অথবা কন্টেন্ট নির্ভর নয়। প্রচারের উপরেও এর সাফল্য বেশ খানিকটা নির্ভরশীল (কোনও কোনও ছবির ক্ষেত্রে অনেকটাই)। আর এই ছবি, তারকা প্রচারের অন্যতম হাতিয়ার হিসেবে উঠে এসেছে সমাজমাধ্যমের ইনফ্লুয়েন্সার এবং ইউটিউবাররা। তাঁদের কোনও ছবি সম্পর্কে বলা মতামতের ভিডিও অথবা সেই ছবির তারকা-সম্পর্কিত নিয়ে করা নানান ভিডিও নিমেষে দেখে ফেলছেন তাঁদের ফলোয়ার্সরা। সেই মতামত যদি পজিটিভ হয়, সেটা মন দিয়ে শুনছেন-দেখছেন তাঁদের ফলোয়ার্সরা। আর যদি নেগেটিভ হয়? সেটিও তারিয়ে তারিয়ে দেখেন নেটিজেনরা। এবং স্বভাবতই তা নেটপাড়া থেকে মানুষের মুখ পর্যন্ত ছড়ায় দ্রুতগতিতে। ইদানীং বাংলা ছবি সম্পর্কে মতামত ও সেটিকে রেটিং দেওয়া ইউটিউবারদের মানসিকতা ও বিদ্যা নিয়ে উঠেছে প্রশ্ন। তা গড়িয়েছে বিতর্ক পর্যন্ত। সমাজমাধ্যমে এইসব প্রচার ঠিক কতটা ‘আসল’ তা নিয়েও চলছে বিস্তর তর্ক! এহেন আবহে ফেসবুকের দেওয়ালে ইউটিউবারদের নিজের চেনা ছন্দে কটাক্ষ করলেন ‘লহ গৌরাঙ্গ নাম রে’ ছবির অন্যতম প্রযোজক রাণা সরকার।
তিনি লিখলেন, “নতুন বছরে বাংলা সিনেমার Youtuber-দের review করার rate কমানোর আবেদন জানাচ্ছি
সিনেমার ব্যবসা কমছে সবাই জানে, তাই ওদের rate ও কমানো উচিত।
নেগেটিভ রিভিউ করানোর জন্য premium rate-গুলো অবশ্য বাড়তে পারে, ওগুলো স্পেশ্যাল ডিমান্ড।
ওরা ব্যক্তিগত কুৎসা ভিডিও করার জন্য স্পেশাল monthly subscription চালু হোক সেটাও যুক্তি সংগত।
আর Youtuber-দের sponsored/bot দিয়ে views/Like বাড়ানোর জন্য এক্সট্রা টাকা দেওয়া হোক, যেভাবে ওদের রিচ কমছে সেটা খুব চিন্তার বিষয়।”

এখানেই শেষ নয়। আরও লিখলেন, “আর ফ্যান ক্লাবদের প্রতি আমার ভালোবাসা অফুরান, ওরা খুব মিষ্টি, ওদের ওপর কোনো রাগ করা সম্ভবই না। ওরা ভালোবাসা আবেগে ভরিয়ে দেয় নিজের প্রিয় তারকাকে, তার জন্য বাকিদের ট্রোল করে সেটাতে রাগ করে লাভ নেই।
ওদের troll করাতে কেউ রাগ করবেন না, আমি তো করি না। শুধু একটু বানানগুলো ঠিক করে দিলেই হবে। আর ওরা সিনেমা হলে এসে সিনেমা দেখুক, টিকিট corporate booking করে free-তে দিয়ে দিতে আমরা অভ্যস্ত। Youtuber and Fan Club-দের নতুন বছরের অগ্রিম শুভেচ্ছা”
(পোস্টের বানান অপরিবর্তিত রাখা হল।)
রাণার এই ফ্যান ক্লাব নিয়ে কটাক্ষ কি আদতে নাম না করে দেবের ফ্যান ক্লাবদের উদ্দেশ্যেই? কারণ সম্প্রতি রানার লহ গৌরাঙ্গ নাম রে এবং দেবের ‘প্রজাপতি ২’ ছবিকে কেন্দ্র করে বিস্তর বিতর্ক হয়েছে। রানার ছবির মুখ্য অভিনেত্রী শুভশ্রীর ফ্যান ক্লাব এবং দেবের ফ্যান ক্লাবদের মধ্যেও এই দুই ছবিকে ঘিরে তুমুল ঝামেলার ছবি ও একাধিক ভিডিও এসেছে সমাজমাধ্যমে।
অন্যদিকে, রাণার এই পোস্টটি মোটেই ভালভাবে নেননি ইউটিউবাররা। বিভিন্ন স্তরের ইউটিউবাররা শালীন-অশালীনভাবে ছবি প্রযোজকের কটাক্ষের বিরুদ্ধে প্রতিক্রিয়া দেওয়া শুরু করেছেন বার্তা বাক্সে।
বাংলা ছবির প্রচার, রিভিউ, প্রভাব আর আড়ালের খেলা—সব মিলিয়ে এখন এক নতুন বিতর্কের কেন্দ্রে দাঁড়িয়ে ইন্ডাস্ট্রি। নতুন বছরে এই লড়াই কোনদিকে মোড় নেয়, সেটাই এখন দেখার।
