টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন সারাদিনের গরমা গরম খবর কী?
বিরাট ক্ষতির মুখে 'ধুরন্ধর'
রণবীর সিং অভিনীত সিনেমা 'ধুরন্ধর' বিশ্বজুড়ে ব্যাপক সাফল্য পেয়েছে। সিনেমাটি বক্স অফিসে ১,০০০ কোটির গণ্ডি ছাড়িয়ে ২০২৫ সালের সর্বোচ্চ আয়কারী ভারতীয় সিনেমা হিসেবে জায়গা করে নিয়েছে। আদিত্য ধর পরিচালিত এই স্পাই-থ্রিলারটি মূলত দুই পর্বের একটি সিরিজ। দ্বিতীয় পর্বটি চলতি বছর মার্চে মুক্তি পাওয়ার কথা। তবে সন্ত্রাসবাদ বিরোধী অভিযান এবং রাজনৈতিক উত্তজনা চিত্রায়ণের ধরণ নিয়ে সিনেমাটি মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে। ভারতে এবং বিশ্বের অন্যান্য দেশে দুর্দান্ত ব্যবসা করলেও, মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশে ‘ধুরন্ধর’ নিষিদ্ধ করা হয়েছে। সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, কাতার, বাহরাইন, কুয়েত এবং ওমানের মতো দেশগুলোতে সিনেমাটি প্রদর্শনের অনুমতি পায়নি। উপসাগরীয় দেশগুলোর এই নিষেধাজ্ঞার কারণে ছবিটি প্রায় ৯০ কোটি (১০ মিলিয়ন ডলার) বিদেশি আয় হারিয়েছে। ছবির বিদেশি ডিস্ট্রিবিউটর প্রণব কাপাডিয়া জানিয়েছেন,"আমার ধারণা, আমরা অন্তত ১০ মিলিয়ন ডলারের বক্স অফিস কালেকশন হারিয়েছি। কারণ ঐতিহাসিকভাবেই মধ্যপ্রাচ্যে ভারতীয় অ্যাকশন সিনেমা খুব ভাল ব্যবসা করে। তাই আমাদের মনে হয় সিনেমাটি সেখানে মুক্তি পাওয়া উচিত ছিল। তবে একই সঙ্গে আমাদের প্রতিটি দেশের নিয়ম-কানুন ও দৃষ্টিভঙ্গির প্রতি শ্রদ্ধা রাখা উচিত এবং তাঁদের তাদের এই সিদ্ধান্তের পেছনে নিশ্চয়ই কোনও কারণ আছে।"
কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত আলিয়ার
বলিউডের প্রথম সারির অভিনেত্রী আলিয়া ভাট বর্তমানে তাঁর কেরিয়ারের এমন এক পর্যায়ে রয়েছেন, যেখানে সংখ্যা নয় বরং কাজের গুণগত মানই তাঁর কাছে শেষ কথা। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী স্পষ্ট জানিয়েছেন, এখন তিনি একসঙ্গে অনেকগুলো কাজ হাতে না নিয়ে একবারে একটিই প্রজেক্টের নীতিতে বিশ্বাসী। আর এই মুহূর্তে তাঁর সম্পূর্ণ ধ্যান-জ্ঞান জুড়ে রয়েছে সঞ্জয় লীলা বনশালির আগামী ছবি ‘লাভ অ্যান্ড ওয়ার’। বনশালির সঙ্গে কাজ করা যে কোনও অভিনেতার কাছেই স্বপ্নের মতো। আলিয়ার ক্ষেত্রেও তার ব্যতিক্রম নয়। ‘গঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’-র আকাশছোঁয়া সাফল্যের পর ফের এই খ্যাতনামা পরিচালকের ফ্রেমে ধরা দিতে চলেছেন তিনি। এই ছবিটিকে নিজের জীবনের অন্যতম ‘মহামূল্যবান অভিজ্ঞতা’ হিসেবে বর্ণনা করেছেন মহেশ-কন্যা। আলিয়া জানান, বনশালির কাজের ধরন অত্যন্ত নিখুঁত এবং গভীর। তাঁর সেটে থাকা মানেই নতুন কিছু শেখা। অভিনেত্রীর কথায়, "ওঁর সঙ্গে কাজ করা মানে শুধু অভিনয় নয়, এটি একটি শিল্পকলার চর্চা। আমি এই মুহূর্তগুলো ভীষণভাবে উপভোগ করছি এবং প্রতিটি দৃশ্য নিখুঁত করতে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করছি।"
ধর্মেন্দ্রর স্মৃতি বিজড়িত অমিতাভ
বলিউডের ‘শোলে’র সেই জয়-বীরুর অমর জুটির কথা কার না মনে আছে? পর্দার সেই বন্ধুত্ব যে বাস্তবেও কতটা গভীর, তার প্রমাণ মিলল আবারও। সম্প্রতি ‘কৌন বনেগা ক্রোড়পতি’-র মঞ্চে বন্ধু ধর্মেন্দ্রর প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়লেন অমিতাভ বচ্চন। সোশ্যাল মিডিয়ায় এখন সেই মুহূর্তের ভিডিও ভাইরাল। কেবিসির মঞ্চ থেকে বিগ বি জানান, ধর্মেন্দ্রর সঙ্গে তাঁর সম্পর্ক কেবল সহ-অভিনেতার নয়, বরং তা তার চেয়েও অনেক বেশি কিছু। অমিতাভ বলেন, "ধরমজি আমার কাছে কেবল একজন মানুষ নন, তিনি আমার কাছে একটা আবেগঘন অনুভূতি। আমাদের বন্ধুত্ব কয়েক দশকের পুরনো, যা সময়ের সঙ্গে সঙ্গে আরও মজবুত হয়েছে।" কেবিসি-র একটি বিশেষ পর্বে ধর্মেন্দ্রর জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করার সময় অমিতাভ স্মৃতিচারণ করতে গিয়ে জানান, শুটিং সেটে ধর্মেন্দ্র সবসময়ই সবাইকে মাতিয়ে রাখতেন। তাঁর সাদামাটা স্বভাব এবং বড় মনের পরিচয় দিতে গিয়ে অমিতাভ বলেন, "ফিল্ম ইন্ডাস্ট্রিতে এমন স্বচ্ছ মনের মানুষ খুব কমই দেখা যায়। ওঁর উপস্থিতিই চারপাশে একটা পজিটিভ এনার্জি তৈরি করত।"
