মাত্র মাস দেড়েক আগেই বিশ্বমঞ্চে ভারতের পতাকা উড়িয়ে এসেছে ভারতীয় মহিলা ক্রিকেটের টিম। ভারতের এই বিশ্বকাপ জয়ের উদ্যাপন করতে বলিউড তারকাদের বদলে 'দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো'য়ে আমন্ত্রণ জানানো হয়েছিল কোচ সহ গোটা টিমকে। কিন্তু সেখানেই গরহাজির ছিলেন স্মৃতি মান্ধানা। তবে কি পলাশ মুচ্ছলের সঙ্গে বিয়ে ভাঙাই কারণ?
আগামী ২৭ ডিসেম্বর যে পর্ব সম্প্রচারিত হবে 'দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো'য়ের সেখানে বিশ্বকাপ জয়ী টিমের ক্যাপ্টেন হরমনপ্রীত কৌর থেকে শুরু করে রিচা ঘোষ, জেমাইমা রড্রিগেজ, শেফালি ভার্মা, দীপ্তি শর্মা, রেণুকা সিং জ হার্লিন দেওল, রাধা যাদব, প্রতিকা রাওয়াল এবং তাঁদের হেড কোচ অমল মজুমদারকে উপস্থিত থাকতে দেখা যাবে। তবে দেখা মিলবে না গত মাস দেড়েক ধরে চর্চায় থাকা স্মৃতি মান্ধানা। কিন্তু তিনি উপস্থিত ছিলেন না বলে যে তাঁকে নিয়ে এই পর্ব আলোচনা হয়নি এমনটা মোটেই নয়।
আগামী এই পর্বের প্রোমোতে দেখা গিয়েছে কপিল শর্মা বিশ্বকাপের ট্রফি হাতে এবং এবং তারপরের নাচের প্রসঙ্গ তুলছেন। সেখানেই অধিনায়ক হরমনপ্রীত জানান স্মৃতি তাঁকে উসকেছিল নাচার জন্য। এই কথার রেশ ধরে জেমাইমা বলেন, 'হ্যারি দিদি আমাদের কথা শোনে না। কিন্তু স্মৃতি বলেছিল যদি তুমি ভাঙরা না নাচো, তাহলে আর কখনও তোমার সঙ্গে কথা বলব না।'
কপিলের পাশাপাশি এই পর্বে থাকবেন সুনীল গ্রোভার, কৃষ্ণা অভিষেক। তাঁরা দুজন 'করণ অর্জুন' -এর ভূমিকায় অবতীর্ণ হবেন এই বিশেষ পর্বে। আর 'ফিল্মি মা' হিসেবে দেখে যাবে কিকু সারদাকে। ক্রিকেটের আলোচনা থেকে ভরপুর মজা, হাসিতে যে পর্বটি ঠাসা থাকবে সেটা ঝলকেই স্পষ্ট। নেটফ্লিক্সে আগামী ২৭ ডিসেম্বর মুক্তি পাবে কপিল শর্মা শোয়ের এই পর্ব।
প্রসঙ্গত, চলতি মাসের গোড়ার দিকে গায়ক, কম্পোজার পলাশ মুচ্ছলের সঙ্গে বিয়ে ভেঙে দেন স্মৃতি মান্ধানা। প্রথমে অসুস্থ হয়ে স্মৃতির বাবা হাসপাতালে ভর্তি হওয়ায় পিছিয়ে যায় তাঁদের বিয়ে। এরপরই রটে যায়, পলাশ অন্য মহিলাকে কুরুচি ইঙ্গিতপূর্ণ মেসেজ করেছেন। সমাজমাধ্যমে বিষয়টি নিয়ে দারুণ চর্চা চলে। তার কিছুদিনের মধ্যেই বিয়ে বাতিলের ঘোষণা করেন স্মৃতি এবং পলাশ। বর্তমানে তাঁর খেলার ফর্ম নিয়েও বিস্তর চর্চা চলছে। এসবের মাঝে স্মৃতি এদিন এই শোয়ে এলেন না। তাতেই অনেকে মনে করছেন, হয়তো বিয়ে বাতিল, খেলায় ভাল ফর্মে না থাকার দরুন তিনি পাবলিক প্রেজেন্স এড়িয়ে গেলেন।
