একালের ট্রেন্ড ডেটিং হোক বা সেটিং, কিংবা যতই পাল্টে যাক সম্পর্কের চেনা সমীকরণ, বিয়ে ব্যাপারটা কিন্তু এখনও ভীষণ রকম স্পেশাল। জাঁকজমকের টক্করে আর আত্মীয়দের হুল্লোড়ে উদযাপনে মেতে ওঠা দুটো পরিবার। আর তার কেন্দ্রবিন্দু- বর এবং কনে। সিনেমার মতো সাজানোগোছানো দিনটায় নায়ক-নায়িকা তারাই। সবটুকু আলো তাদেরই দিকে। আর তাই এই দিনটায় ঝলমলে না দেখালে চলে?

মোটেই চলে না। তাই জেল্লা বাড়িয়ে জীবনের এই বিশেষ দিনটাকে আরও বেশি স্পেশাল করে তুলতে চাই ত্বকের সঠিক যত্ন। এখনকার ছুটন্ত জীবনে ত্বকের পরিচর্যায় বাড়তি সময় বার করাটাই চ্যালেঞ্জ। তবু বিয়ের দিনে নিষ্প্রাণ ত্বকে সাজগোজ মাটি করতে কারই বা মন চায়! তাই কষ্ট করে হলেও নির্দিষ্ট তারিখের আগে অন্তত একটা মাস নিজের ত্বককে একটু আলাদা করে যত্ন করতেই হবে। আর হ্যাঁ, শুধু যে ত্বক পরিচর্যাতেই কাজ চলবে, এমনটা কিন্তু নয়। স্কিন ট্রিটমেন্ট বা নিয়মিত যত্নের পাশাপাশি নজর দিতে হবে খাওয়াদাওয়া অর্থাৎ ডায়েটের দিকেও। তবেই ভিতর থেকে জেল্লা আপনাকে করে তুলবে বাড়তি নজরকাড়া। 

ত্বকের যত্ন নিন


গানের লাইন হলেই বা! জরুরি তো নিঃসন্দেহে। তাই আগেভাগেই বরং জেনে নেওয়া যাক পরিচর্যার দিকটা। তার জন্য বিয়ের আগের একটা মাসকে ভাগ করে নিন চার সপ্তাহের স্কিনকেয়ার রুটিনে। 


প্রথম সপ্তাহ- এতদিনকার অযত্নে ত্বকের বেহাল চেহারাটা বদলাতে হবে তো! আর তার জন্য চাই নিয়ম মেনে যত্ন। জোর দিন ক্লেনজিং অর্থাৎ ত্বক পরিষ্কার করার দিকটায়। বিয়ের তোড়জোড়ে, আইবুড়ো ভাতে যত ব্যস্ততাই থাক, রাতে মেকআপ তুলতে ভুলবেন না। নিজের ত্বকের ধাঁচ অনুযায়ী বেছে নিন একটা নরম অথচ কার্যকরী ক্লেনজার। তা আপনার ত্বককে পরিষ্কার করার পাশাপাশি কোনও রকম ব্রণ বা ফুসকুড়ি আটকাতে সাহায্য করবে। ত্বক পরিষ্কারের পরে হাইড্রেটিং টোনার এবং হাল্কা ময়শ্চারাইজার ব্যবহার ত্বকের পিএইচ ভারসাম্য এবং আর্দ্রতা বজায় রাখতে জরুরি।    


দ্বিতীয় সপ্তাহ- পরিষ্কার ত্বক ঠিকমতো শ্বাসপ্রশ্বাস নিতে পেরে আরাম পায়। এ সপ্তাহে মন দিনে তার অনুজ্জ্জ্বলতা দূর করার দিকে। দুটো দিন রাখুন হাল্কা এক্সফোলিয়েশনের জন্য। এতে মরা কোষ দূর হয়ে ঝকঝকে দেখাবে ত্বক। সেই সঙ্গে একদিন পুষ্টিগুণে ভরপুর একটা ফেসমাস্ক লাগাতে ভুলবেন না। ঘরোয়া ভেষজ মাস্কেও কাজ হতেই পারে। ত্বককে ক্লান্ত বা অসমান দেখালে আস্থা রাখতে পারেন ভিটামিন সি সমৃদ্ধ ময়শ্চারাইজারে। 


তৃতীয় সপ্তাহ– শেষ সপ্তাহের আগে ত্বকের গভীরে গিয়ে পুষ্টি জোগানোর এটাই সময়। এ সপ্তাহে তাই রাতের ত্বক পরিচর্যায় অবশ্যই থাক অ্যান্টি অক্সিডেন্ট যুক্ত সেরাম এবং ফেশিয়াল অয়েল। আদ্রতা জুগিয়ে ত্বকের ক্লান্তি দূর করতে, ডার্ক সার্কল সরাতে তাদের জুড়ি নেই। 


চতুর্থ সপ্তাহ- এবার যাকে বলে লাস্ট ল্যাপ। বিশেষ দিনটার আগে বিশেষ রকম যত্ন তো তাই করতেই হয়! তবেই তো সেদিনের মেকআপে আপনি হয়ে উঠবেন আরও মোহময়ী। এ সপ্তাহে তাই কোনও এক্সপেরিমেন্ট নয়। আপনার ত্বকের উপযোগী একটা ফেস প্লাম্পিং মাস্কে ভরসা রাখুন। তার পরে লাগিয়ে নিন ভিটামিন সি-তে ভরপুর সেরাম। দেখুন কেমন জেল্লা ফোটে! আর হ্যাঁ, যেখানেই যান, সানস্ক্রিন ছাড়া এক পা বাড়ির বাইরে নয় কিন্তু!