আজকাল ওয়েবডেস্ক: বার্সেলোনার দাপট অব্যাহত। এবার চ্যাম্পিয়ন্স লিগে রেডস্টার বেলগ্রেডকে পাঁচ গোলে বিধ্বস্ত করল ক্যাটালান ক্লাব।
ম্যাচটি হয়েছিল রেড স্টার বেলগ্রেডের ঘরের মাঠে। ১৩ মিনিটে প্রথম গোল পায় বার্সা।
রাফিনিয়ার ফ্রি কিক থেকে হেডে দলকে এগিয়ে দেন ইনিও মার্তিনেজ। কিন্তু সেই গোল বেশিক্ষণ ধরে রাখতে পারেনি বার্সেলোনা। ২৭ মিনিটে সিলাস সমতা ফেরান বেলগ্রেডের হয়ে।
বিরতির ঠিক আগে ৪৩ মিনিটে রাফিনিয়ার কাছ থেকে বল পেয়ে লেভানডস্কি ২-১ করেন বার্সেলোনার হয়ে। ম্যাচে জোড়া গোল করেন পোলিশ স্ট্রাইকার।
খেলার ৫৩ মিনিটে ফের গোল করেন লেভানডস্কি। বার্সাও এগিয়ে যায় ৩-১ গোলে। তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই লেভানডস্কি গোলের সহজ সুযোগ নষ্ট করেন।
লেভানডস্কির দ্বিতীয় গোলটিই উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে বার্সার ৭০০-তম গোল। লেভানডস্কির দ্বিতীয় গোলের দু' মিনিট পরেই রাফিনিয়া ব্যবধান বাড়ান। ৭৬ মিনিটে ফারমিন লোপেজ পঞ্চম গোলটি করেন বার্সার হয়ে। রেডস্টার দ্বিতীয় গোলটি করে ৮৪ মিনিটে। মিলসন গোলটি করেন। যদিও বার্সা আরও একটি গোলের সুযোগ পেয়েছিল। কিন্তু ফারমিন লোপেজ সুযোগ নষ্ট করেন।
মোনাকোর কাছে হেরে টুর্নামেন্ট শুরু করেছিল বার্সেলোনা। তার পরে টানা তিনটি জয় পেয়ে পয়েন্ট তালিকার ছয় নম্বরে উঠে এসেছে।
