আজকাল ওয়েবডেস্ক: জীবন সংক্ষিপ্ত। জীবন অনিশ্চিতও। একদিনের ব্যবধানে দুই বঙ্গে দুই ক্রীড়াব্যক্তিত্বের মৃত্যু তেমনটাই জানিয়ে গেল, এই আছি, এই নেই।
কলকাতায় প্রাক্তন ফুটবলার সুখেন দে মাত্র ৩৫-এই ঝরে গেলেন। হৃদরোগে আক্রান্ত হয়ে পরপারে হাঁটা লাগালেন তিনি। আর বাংলাদেশ প্রিমিয়ার লিগের সহকারী কোচ মাহবুব আলি জাকি ৫৯ বছর বয়সে মাঠেই প্রাণ হারালেন আকস্মিক ভাবে।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের ম্যাচে মুখোমুখি হয়েছিল রাজশাহী ওয়ারিয়র্স ও ঢাকা ক্যাপিটালস। সেই ম্যাচের বল গড়ানোর আগেই মাঠেই লুটিয়ে পড়লেন ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ মাহবুব আলি জাকি। কেউ কল্পনাও করতে পারেননি এমন একটা ঘটনা খেলার আমেজটাকেই বদলে দেবে।
খেলা শুরু হওয়ার মিনিট কুড়ি আগেই এমন ঘটনাই ঘটে গেল। মাহবুব আলি জাকিকে সিপিআর দেওয়া হল। হাসপাতালে নিয়েও যাওয়া হল। কিন্তু শেষরক্ষা আর হল না। হাসপাতালের তরফে জানিয়ে দেওয়া হল, মাহবুব আলি আর নেই। তাঁর প্রয়াণে শোকস্তব্ধ বাংলাদেশের শ্রেষ্ঠ অলরাউন্ডার শাকিব আল হাসান।
তিনি সোশ্যাল মিডিয়ায় লেখেন, ''কোচ মাহবুব আলি জাকির মৃত্যুর খবরে আমি গভীরভাবে মর্মাহত ও দুঃখিত। একজন পেশাদার ক্রিকেটার হিসেবে আমার ছোটবেলা থেকেই তাঁকে চিনতাম। তাঁর সঙ্গে আলাপচারিতার মধুর স্মৃতিগুলো আমার মনে আছে। তাঁর শেষ মুহূর্তও ছিল ক্রিকেট মাঠে যে কাজটা তিনি সবচেয়ে করতে পছন্দ করতেন। মাহবুব আল জাকির পরিবারের প্রতি আমার আন্তরিক সমবেদনা জানাই।''
মাহবুব আলি অসুস্থ হওয়ার পর মাঠে লুটিয়ে পড়ায় তাঁকে কেন্দ্র করে তৈরি হয় জটলা। ঢাকা ক্যাপিটালস সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, অসুস্থ হওয়ায় মাহবুব আলি মাটিতে লুটিয়ে পড়েন। কিন্তু হাসপাতালে নিয়ে যাওয়ার পরে জানা যায় তিনি আর নেই। জাকির মৃত্যুর খবর শোকের ছায়া নেমে এসেছে বাংলাদেশের ক্রিকেটমহলে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে শোকজ্ঞাপন করা হয়। ক্রিকেট ভালবাসতেন। বিশেষজ্ঞ পেস বোলিং কোচ ছিলেন তিনি। তাসকিন আহেমেদের বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন উঠলে তাঁর সঙ্গে কাজ করেছিলেন জাকি। সেই তিনি আজ ক্রিকেট মাঠেই শেষ নিঃশ্বাস ফেললেন।
