আজকাল ওয়েবডেস্ক: মেলবোর্ন টেস্টে ভারতের  হারের পরে নখ-দাঁত বের করলেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার বাসিত আলি। টিম ইন্ডিয়ার কোচ গৌতম গম্ভীরকে একহাত নিলেন তিনি। বললেন, এই বিপর্যয়ের পরে সাদা বল ও লাল বলের জন্য আলাদা আলাদা কোচ নিয়োগ করা হোক, নইলে ভারত আরও ডুববে। 

ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড গৌতম গম্ভীরকে হেড কোচ করার পর থেকেই বাসিত সেই সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলছেন।  ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগে কোচিং করানো আর জাতীয় দলের হয়ে কোচিং করানো এক বিষয় নয়, বলে মন্তব্য করেছিলেন প্রাক্তন পাক ক্রিকেটার। 

মেলবোর্নে ভারতের হার দেখার পরে সেই বাসিত বলছেন, ''অভিনন্দন জানাতে হবে গৌতম গম্ভীরকে। ওয়ানডে-তে তো খুব ডান হাতি-বাঁ হাতি কম্বিনেশন করছিলেন। ব্যর্থ হবে জেনেও আজ তো ৬ নম্বরে নীতীশ রেড্ডিকে পাঠানো উচিত ছিল। এতে প্রমাণ হত কোচ কিছু একটা করছে।'' 

ভারতের ব্যাটিং কোচকে নিয়েও প্রশ্ন তুলে দিয়েছেন বাসিত। তিনি বলছেন, ''ভারতীয় দলের ব্যাটিং কোচ কে? ও তো নিজেই জানে না বোলারের হাত থেকে কীভাবে বাঁচতে হয়? কোন বোলারকে কীভাবে খেলা উচিত সেটাও তো জানে না।'' 

অস্ট্রেলিয়ায় ভারতের বিপর্যয় দেখার পরে বাসিত আলির পরামর্শ,  ''সাদা ও লাল বলের ফরম্যাটের জন্য পৃথক পৃথক কোচ নিয়োগ করা উচিত ভারতের। এটাই সেরা সময়। নইলে সমূহ বিপদ।'' 

পাক ক্রিকেটারের পরামর্শ কি শুনবে বিসিসিআই?