আজকাল ওয়েবডেস্ক: টি-২০ বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে খেলবে না পাকিস্তান। আরও একবার নিজেদের সিদ্ধান্ত জানিয়ে দিল পাকিস্তান সরকার। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ স্পষ্ট জানিয়ে দেন, নিজেদের অবস্থানে অনড় তাঁরা। কোনওভাবেই ১৫ ফেব্রুয়ারি কলম্বোয় ভারতের বিরুদ্ধে খেলবে না পাকিস্তান। একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমের রিপোর্ট বলা হয়েছে, ইসলামাবাদে ক্যাবিনেটের বৈঠকে এমন জানান পাকিস্তানের প্রধানমন্ত্রী। তিনি আরও জানান, সবদিক বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শেহবাজ শরিফ বলেন, 'আমরা টি-২০ বিশ্বকাপ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। আমরা কোনওভাবেই ভারতের বিরুদ্ধে খেলব না। খেলায় কোনও রাজনীতি থাকা উচিত নয়। আমরা সবদিক বিবেচনা করেই এই সিদ্ধান্ত নিয়েছি।' নিজেদের সিদ্ধান্তকে সঠিক বলে দাবি করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী।

রবিবার আসন্ন বিশ্বকাপে ভারত ম্যাচ বয়কট করার সিদ্ধান্ত জানায় পাকিস্তান সরকার। নিজেদের এক্স হ্যান্ডেলে লেখা হয়, 'ভারতের বিরুদ্ধে আমরা মাঠে নামব না।' কিন্তু কোনও নির্দিষ্ট কারণ জানানো হয়নি। আইসিসিকে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি পাকিস্তান ক্রিকেট বোর্ড। কিন্তু পাকিস্তানে সরকারের সোশ্যাল মিডিয়ার পোস্টের ভিত্তিতে একটি বিবৃতি দেয় আইসিসি। তাতে ভারত ম্যাচ বয়কট করার শাস্তি কী হতে পারে সেটা জানানো হয়। তবে তাতে পরিস্থিতি বদলায়নি। নিজেদের অবস্থান পরিবর্তন করেনি পাকিস্তান সরকার। 

টি-২০ বিশ্বকাপ নিয়ে সমস্যা মেটাতে অন্য পন্থা নিয়েছিল আইসিসি। পর্দার আড়ালে সমস্যা সমাধানের রাস্তা খোঁজে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। ভেতর ভেতর সেটা শুরুও হয়ে গিয়েছে। একটি সূত্রের খবর অনুযায়ী, ডেপুটি চেয়ারম্যান ইমরান খোয়াজাকে পাকিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে আলাদা করে আলোচনা করতে বলা হয়। সিঙ্গাপুর ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রতিনিধিত্ব করেন তিনি। পাকিস্তানকে ভারত ম্যাচ খেলতে রাজি করানোর দায়িত্ব পড়ে খোয়াজার ওপর। রবিবার পাকিস্তান সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয়, বিশ্বকাপ খেললেও, ভারত ম্যাচ বয়কট করা হবে। যদিও পাকিস্তান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি আইসিসিকে। সমস্যার সমাধানে খোয়াজাকে শিখণ্ডী করা হয়। কিন্তু সূত্রের খবর, তাতে বরফ গলার সম্ভাবনা কম। ভারত ম্যাচ নিয়ে সিদ্ধান্ত বদলানোর সম্ভাবনা নেই, জানিয়ে দেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। তবে এখনও হাল ছাড়তে রাজি নয় আইসিসি। ১৫ ফেব্রুয়ারি ভারত-পাকিস্তান ম্যাচ করানোর আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা।