আজকাল ওয়েবডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ভারতের হেডস্যর গৌতম গম্ভীরের দুঃশ্চিন্তা দূর করছেন  ঈশান কিষান। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে তিনি বিস্ফোরক অর্ধশতরান করলেন। আর যেভাবে তিনি ব্যাট করেছেন, তাতে ওপেনিং স্লটে তিনি নমনীয়তা আনতে চলেছেন। তবে স্বস্তির পাশাপাশি অস্বস্তিও বাড়িয়ে দিলেন ঈশান কিষান। স্বস্তি এই কারণে যে তিনি দলে নমনীয়তা আনলেন। গম্ভীরকে নিশ্চিন্ত করলেন। সেই সঙ্গে দলের ভিতরে সুস্থ  প্রতিযোগিতা বাড়িয়ে দিলেন। নিন্দুকরা বলেন, সঞ্জু ব্যর্থ হলেও তাঁর পাশে রয়েছেন ব্যাটিং কোচ সীতাংশু কোটাক। গৌতম গম্ভীর ও সূর্যকুমার  যাদবও পাশে থাকার বার্তা দিয়েছেন সঞ্জুকে। 

প্রোটিয়া ব্রিগেডের বিরুদ্ধে অভিষেক শর্মার সঙ্গে ওপেন করতে নেমেছিলেন ঈশান কিষান। আরেক ওপেনার সঞ্জু স্যামসনকে প্রথম একাদশ থেকে বাদ দেওয়া হয়েছিল। 

মাত্র ২০ বলে ৫৩ রানের বিধ্বংসী ইনিংস খেলেন ঈশান কিষান। ভারতকে ৬ উইকেটে ২৪০ রান তুলতে সাহায্য করেন তিনি। 

ওয়ার্ম আপ ম্যাচে ভারত সহজেই জিতে নেয়। ৭ উইকেটে ২১০ রানে শেষ হয়ে যায় প্রোটিয়ারা। ম্যাচের শেষে ঈশান কিষান জানান, তিনি ওপেন করতে চান। আর যে পিচ  দেওয়া হয়েছিল, সেই পিচে ব্যাট করে তিনি আনন্দ পেয়েছেন। 

ঈশান কিষান বলছেন, ''আমি উত্তেজিত ছিলাম। ইনিংস ওপেন করতে চেয়েছিলাম। তিন নম্বরে ব্যাট করার সময়, আমি পরিস্থিতি উপভোগ করেছি। কিন্তু বিশ্বকাপ এগিয়ে আসার সঙ্গে সঙ্গে নিজের সেরাটা দেওয়ার জন্য আমি মুখিয়ে রয়েছি। যে কোনও পজিশনেই ব্যাটিং করি না কেন, দেশের হয়ে সেরাটা উজাড় করে দিতে চাই।'' 

ঈশান কিষান আরও বলেন, ''কিছু দিন ভাল যায়, কিছু দিন ভাল যায় না। পিচকে কৃতিত্ব দিতে হবে। উইকেট এবং বাউন্সের উপরে আস্থা রেখেছিলাম।'' টি-টোয়েন্টি  বিশ্বকাপের বল গড়ানোর আগে ঈশান কিষান কিন্তু নিজেকে নিয়ে যাচ্ছেন অন্য এক উচ্চতায়। 
 পরিস্থিতি এখন যে দিকে গড়াচ্ছে তাতে মনে হচ্ছে মেগা টুর্নামেন্টে জায়গা হারাতে চলেছেন সঞ্জু স্যামসন।