আজকাল ওয়েবডেস্ক:‌ শনিবারই শুরু হবে টি–২০ বিশ্বকাপ। প্রথমদিনই মাঠে নামবে গতবারের চ্যাম্পিয়ন টিম ইন্ডিয়া। কিন্তু ২২ গজের লড়াইয়ে নামার আগেই বড় ধাক্কা খেলেন গৌতম গম্ভীররা। ছিটকে গেলেন হর্ষিত রানা। চোটের জন্য। এমনটাই খবর সূত্রের। 


দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ার্ম আপ ম্যাচে হাঁটুতে চোট পেয়েছিলেন রানা। ১ ওভার বল করেই তিনি মাঠ ছাড়েন। শুক্রবার জানা গেল, রানা বিশ্বকাপে কার্যত নেই। 


যদিও ভারতীয় ক্রিকেট বোর্ড বা টিম ম্যানেজমেন্টের তরফে হর্ষিতের বিষয়ে এখনও কোনও কিছু জানানো হয়নি। অধিনায়ক সূর্যকুমার যাদব জানিয়েছিলেন, ‘‌হর্ষিতের চোটটা সুবিধার নয়। ও যদি ছিটকে যায়, তাহলে আমাদের জন্য এটা বড় ক্ষতি হবে। আমাদের বিকল্প খুঁজতে হবে। তবে আমাদের দলের রিজার্ভ বেঞ্চও সমান শক্তিশালী।’‌ 


আর হর্ষিত ছিটকে গেলে বিকল্প হিসেবে কাকে নেওয়া হবে তা এখনও ঠিক হয়নি। যদিও সূর্য বলেছেন, ‘‌বিষয়টি দেখতে হবে। যদিও পরিবর্ত হিসেবে অলরাউন্ডারের দরকার আদৌ আছে কিনা দেখতে হবে।’‌


এটা ঘটনা,  এখনও পর্যন্ত যা খবর, তাতে বিশ্বকাপে রানার না খেলার সম্ভাবনাই বাড়ছে। জানা গিয়েছে, শুক্রবার অনুশীলনের পর ভারতীয় টিম ম্যানেজমেন্ট তাঁকে নিয়ে সিদ্ধান্ত নেবে। 


প্রসঙ্গত, বিশ্বকাপের আগে থেকেই চোট সমস্যায় জর্জরিত ভারতীয় দল। বিজয় হাজারে ট্রফি চলাকালীন চোট পেয়েছিলেন তিলক বর্মা। ওয়ানডে খেলতে গিয়ে আহত হন ওয়াশিংটন সুন্দরও। এবার তালিকায় জুড়ল হর্ষিতের নাম। বুধবার নবি মুম্বইয়ে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলতে নেমেছিল ভারত। প্রথমে ব্যাট করতে নামে ভারত। কিন্তু প্রোটিয়া ইনিংসে বল করতে এসেই সমস্যায় পড়েন হর্ষিত। রান আপে দৌড়তে গিয়ে বারদুয়েক সরে দাঁড়াতে বাধ্য হন। হাঁটু চেপে ধরে বসে পড়েন। প্রবল যন্ত্রণার মধ্যেই নিজের ওভার শেষ করেন হর্ষিত। তারপর খোঁড়াতে খোঁড়াতে মাঠ ছেড়ে বেরিয়ে যান। প্রস্তুতি ম্যাচে আর বল করতে পারেননি তিনি।


শুক্রবার জানা গিয়েছে, হর্ষিতকে মোটেও ভাল লাগছে না। অনুশীলনের পর তাঁকে নিয়ে সিদ্ধান্ত নিতে চলেছে টিম ম্যানেজমেন্ট। তবে এখনও পর্যন্ত যা খবর, তাতে মনে হয়, বিশ্বকাপ খেলতে পারবেন ২৪ বছর বয়সি পেসার। অন্যদিকে তিলক চোট সারিয়ে ২২ গজে ফিরেছেন। আর ওয়াশিংটনকে নিয়ে এখনও সংশয় রয়েছে।