আজকাল ওয়েবডেস্ক: টি -২০ বিশ্বকাপের প্রক্কালে বড় ধাক্কা ভারতীয় শিবিরে। চোটের জন্য ছিটকে গেলেন হর্ষিত রানা। তাঁর পরিবর্ত হিসেবে সুযোগ পেতে পারেন মহম্মদ সিরাজ। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, শুক্রবার মুম্বইয়ে দলের সঙ্গে যোগ দেবেন তারকা পেসার। শনিবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রথম ম্যাচ ভারতের। তার আগেই দলের সঙ্গে যোগ দেবেন সিরাজ। শুক্রবারই তাঁর মুম্বই উড়ে যাওয়ার কথা। বুধবার নভি মুম্বইয়ে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ার্ম আপ ম্যাচে চোট পান হর্ষিত। এক ওভারে দু'বার রান আপ নেওয়ার সময় থমকে যান। তারপর হাঁটু ধরে মাঠে ছাড়েন। মাত্র এক ওভার বল করেন।
বিভিন্ন মিডিয়া রিপোর্টে জানা গিয়েছে, বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছেন হর্ষিত রানা। কিন্তু প্রাক ম্যাচ সাংবাদিক সম্মেলনে স্পষ্ট কিছু জানাননি ভারত অধিনায়ক। সূর্যকুমার যাদব বলেন, 'এখনও বিশ্বকাপ থেকে ছিটকে যায়নি হর্ষিত রানা। ফিজিওরা পরীক্ষা এবং পর্যবেক্ষণ করেছে। তবে তেমন ভাল দেখাচ্ছে না। আমরা দেখব গত এক দুই বছরে অন্য কোনও বোলার ধারাবাহিকতা দেখাতে পেরেছে কিনা। বা এমন কোনও বোলার আছে কিনা, যারা অল্প ব্যাট করতে পারে। তবে ব্যাটিংয়ে বিষয়টা বাধ্যতামুলক নয়। কারণ ৯ বা ১০ নম্বরে নামা প্লেয়ারের থেকে যদি আমরা ছয়ের প্রত্যাশা করি, তাহলে তার আগে আটজন ব্যাটার কী করবে? আমাদের হাতে কয়েকজন বিকল্প আছে। তাঁদের মধ্যে থেকে সেরাটা বেছে নেওয়া হবে।'
বিশ্বকাপের আগে চোটের ধাক্কায় জর্জরিত ভারতীয় শিবিরে। চোট সারিয়ে ফেরার কথা ওয়াশিংটন সুন্দরের। সাইড স্ট্রেনের জন্য নিউজিল্যান্ড সিরিজে খেলতে পারেননি। তবে টি-২০ বিশ্বকাপ দলের অঙ্গ। আশা করা যাচ্ছে, সময় মতো ফিট হয়ে ফিরবেন ওয়াশিংটন। অন্যদিকে চোটের জন্য নিউজিল্যান্ড সিরিজ খেলতে পারেননি তিলক। কিন্তু মাঠে ফেরার পর ইতিমধ্যেই দুটো ওয়ার্ম আপ ম্যাচ খেলে ফেলেন। মাঠে ফিরেই রান পান। সেই ধারাবাহিকতা ধরে রাখতে চাইবেন। বর্তমান ফর্মের বিচারে বিশ্বকাপের প্রথম একাদশেই থাকবেন তিলক। ৭ ফেব্রুয়ারি ওয়াংখেড়েতে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বিশ্বকাপের প্রথম ম্যাচে নামবে টিম ইন্ডিয়া। পরের ম্যাচ ১২ ফেব্রুয়ারি নামিবিয়ার বিরুদ্ধে। ১৫ তারিখ ভারত-পাকিস্তান ম্যাচের ভাগ্য ঘিরে এখনও ধোঁয়াশা রয়েছে। ১৮ ফেব্রুয়ারি গ্রুপের শেষ ম্যাচে নেদারল্যান্ডের মুখোমুখি টিম ইন্ডিয়া।
