আজকাল ওয়েবডেস্ক: বিরাট, রোহিত কিংবা বুমরা নন। ঋষভ পন্থকে সবচেয়ে বেশি ভয় পাচ্ছে অস্ট্রেলিয়া।
এটা ঘটনা ফর্মে রয়েছেন ভারতীয় উইকেটরক্ষক। সুস্থ হয়ে ফেরার পর এখনও অবধি ৫ টেস্টে ৪২২ রান করেছেন পন্থ। গড় ৪৬.৮৮। স্ট্রাইক রেট ৮৬.৪৭। তার মধ্যে রয়েছে একটি শতরান ও তিনটি অর্ধশতরান। অসি অধিনায়ক প্যাট কামিন্স জানিয়েই দিয়েছেন, পন্থকে দ্রুত ফেরানোর জন্য একাধিক পরিকল্পনা তৈরি করতে হচ্ছে তাঁদের।
২২ নভেম্বর থেকে শুরু হচ্ছে বর্ডার–গাভাসকার ট্রফি। প্রথম টেস্ট পার্থে। কামিন্স বলেছেন, ‘পন্থ এমন এক জন ক্রিকেটার যে খুব দ্রুত হিসেব বদলে দিতে পারে। এর আগের অস্ট্রেলিয়া সিরিজে পন্থ দুর্দান্ত খেলেছিল। তাই জানি পন্থ কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। তাই পন্থের জন্য বিশেষ পরিকল্পনা রাখা হচ্ছে।’
এখনও অবধি পন্থ অস্ট্রেলিয়ায় ১২ ইনিংসে ৬২৪ রান করেছেন। গড় ৬২.৪০। তার মধ্যে একটি শতরান ও দুটো ৮০ প্লাস স্কোর রয়েছে। সম্প্রতি নিউজিল্যান্ড সিরিজেও পন্থ রান করেছেন।
প্রসঙ্গত, নিউজিল্যান্ডের বিরুদ্ধে হারের পর বর্ডার–গাভাসকার ট্রফি জেতা ভারতের কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ৪–০ জিততে পারলেই ভারত চলে যাবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে। আর ফল অন্যরকম হলে অন্য দলের উপর নির্ভর করতে হবে।
নিউজিল্যান্ডের কাছে হারের পর কতটা চাঙ্গা হয়ে ভারত নামতে পারে সেটাই এখন দেখার।
