আজকাল ওয়েবডেস্ক: আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করে দিয়েছেন অস্ট্রেলিয়ার মহিলা দলের তারকা ক্রিকেটার অ্যালিসা হিলি।

তাঁর কেরিয়ার এবং সাফল্যে গর্ব প্রকাশ করলেন স্বামী মিচেল স্টার্ক। অস্ট্রেলিয়ার তারকা পেসার সদ্য সমাপ্ত অ্যাশেজে অনবদ্য পারফরম্যান্স করেছেন।

তারপর স্ত্রী-এর পাশে থেকে তাঁর ক্রিকেট ছাড়ার ঘোষণায় গর্ব অনুভব করার কথা জানিয়েছেন। উল্লেখ্য, এক দীর্ঘ ও সফল অস্ট্রেলিয়া অধ্যায়ের ইতি টেনে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাতে চলেছেন হিলি।

২০২৩ সালের শেষের দিকে মেগ ল্যানিংয়ের পূর্ণকালীন উত্তরসূরি হিসেবে অস্ট্রেলিয়ার অধিনায়কের দায়িত্ব পান অ্যালিসা হিলি। অবসরের ঘোষণার সঙ্গে সঙ্গে তিনি জানিয়েছেন, ভারতের বিরুদ্ধে আসন্ন সিরিজের টি-টোয়েন্টি অংশে তিনি খেলবেন না।

চলতি বছর শেষের দিকে অনুষ্ঠিত হতে চলা টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে দল গঠনের প্রস্তুতির অংশ হিসেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে ওডিআই সিরিজে খেলবেন হিলি।

সেই সিরিজই হবে তাঁর কেরিয়ারের শেষ আন্তর্জাতিক একদিনের সিরিজ। এরপরই তাঁর কেরিয়ারের শেষ ম্যাচে নামবেন তিনি। ওয়াকা স্টেডিয়ামে অনুষ্ঠিত দিন-রাতের টেস্ট ম্যাচে ১১তম টেস্ট ক্যাপ অর্জনের মধ্য দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর যাত্রার পরিসমাপ্তি ঘটবে।

অবসরের ঘোষণার পরই সোশ্যাল মিডিয়ায় আবেগঘন প্রতিক্রিয়া জানান মিচেল স্টার্ক। একটি ছবিতে দেখা যায়, ঘাসের উপর বসে থাকা হিলি হাসিমুখে ‘থাম্বস আপ’ দেখাচ্ছেন।

ছবির সঙ্গে সংক্ষিপ্ত কিন্তু হৃদয় ছুঁয়ে যাওয়া ক্যাপশনে স্টার্ক লেখেন, ‘Proud of you’। ২০২৫ সালের বিশ্বকাপে হিলির নেতৃত্বাধীন অস্ট্রেলিয়া হেরে গিয়েছিল হরমনপ্রীতের ভারতের কাছে।

তার এক মাসের মধ্যেই ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়ে ফেললেন হিলি। গতবছরের মহিলাদের বিগ ব্যাশ লিগের সময়ে অজি ক্যাপ্টেন অনুভব করেন এবার সরে যাওয়ার সময় এসেছে।  

প্রায় ১৬ বছর আন্তর্জাতিক ক্রিকেটে কাটিয়ে ফেললেন হিলি। ২০১০ সালের ফেব্রুয়ারিতে তাঁর যখন অভিষেক ঘটে, তখন অজি অধিনায়ক ১৯ বছর বয়সী। ওয়ানডে-তে সাড়ে ৩ হাজার এবং টি-টোয়েন্টি ফরম্যাটে ৩০৫৪ রান করেন।

টি-টোয়েন্টিতে তাঁর ব্যক্তিগত সর্বোচ্চ ১৪৮ (অপরাজিত)। উইলো টক পডকাস্টে অবসরের সিদ্ধান্ত প্রসঙ্গে অস্ট্রেলিয়ার ক্যাপ্টেন হিলি বলেন, ‘এটা অনেক দিন ধরেই হয়ে আসছিল। গত কয়েক বছর মানসিকভাবে বেশি ক্লান্তিকর ছিল বলেই মনে হয়েছে। চোট ছিল। ভিতরের শক্তিটা ধীরে ধীরে ফুরিয়ে আসছিল। বারবার নিজেকে নতুন করে উজাড় করে দেওয়া কঠিন হয়ে পড়ছিল।’

তাই সরে যাওয়াই শ্রেয় বলে মনে করলেন অ্যালিসা  হিলি। অজি ক্যাপ্টেন আরও বলেন, ‘ আমি চিরকাল প্রতিদ্বন্দ্বিতা করতে চেয়েছি। চেয়েছি জিততে। বয়স বাড়লেও সেই খিদেটা হারাইনি। তবে আগের মতো খিদেটা আর নেই। তা কমে গিয়েছে। গতবছরের মহিলাদের বিগ ব্যাশের সময়ে বুঝতে পারি সরে যাওয়ার সময় এসে গিয়েছে।’

হিলি অবসরের সিদ্ধান্ত নিয়ে ফেলায় ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে নতুন ক্যাপ্টেনের অধীনে খেলবে অস্ট্রেলিয়া। হিলি ছ'টি টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং দু'টি ওয়ানডে বিশ্বকাপ জেতেন। ২০১৮ এবং  ২০১৯ সালে হিলি আইসিসি-র টি-টোয়েন্টি বর্ষসেরা ক্রিকেটারের স্বীকৃতি পান।