আজকাল ওয়েবডেস্ক: ভদোদরায় গুরুত্বপূর্ণ জুটি গড়েছিলেন শ্রেয়স আইয়ার ও বিরাট কোহলি। একটুর জন্য অর্ধশতরান মিস করলেও ভারতের জয় আটকায়নি। চোট সারিয়ে ফিরেছেন সহ–অধিনায়ক হয়ে। কথা হচ্ছে শ্রেয়স আইয়ারকে নিয়ে।
রবিবার প্রথম ম্যাচের পর সেই বিরাট কোহলির প্রশংসা শোনা গেল শ্রেয়স আইয়ারের মুখে। স্পষ্ট জানালেন, বিরাট অন্যদের থেকে আলাদা। কারণ তিনি যা বলেন, সেটাই করে দেখান। নিজের প্রত্যাবর্তন নিয়েও মুখ খুলেছেন শ্রেয়স।
রবিবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে ৯১ বলে ৯৩ রান করেন কোহলি। ভারত জেতে ৩০০ রান তাড়া করে। কোহলি দ্রুততম ক্রিকেটার হিসাবে সব ফরম্যাট মিলিয়ে ২৮ হাজার রান করে ফেললেন। এখন শুধু শচীন তেন্ডুলকার তাঁর আগে রয়েছেন।
বোর্ডের প্রকাশিত একটি ভিডিওয় শ্রেয়স বলেছেন, ‘কোহলির ইনিংস নিয়ে যতই বলতে যাই না কেন, সেটা কম হবে। এত বছর ধরে কোহলিকে এই কাজ (রান তাড়া) ধারাবাহিকভাবে করে যেতে দেখছি। যেভাবে খুচরো রান এবং দরকারে বোলারদের আক্রমণ করে তা অসাধারণ। কোহলি যেটা বলে সেটাই করে দেখায়।’
অস্ট্রেলিয়া সিরিজে চোট পাওয়ার পর আবার ক্রিকেট মাঠে প্রত্যাবর্তন হয়েছে শ্রেয়সের। মাঝে অস্ত্রোপচারও করাতে হয়েছে। এক রানের জন্য অর্ধশতরান করতে পারেননি। তবে ভারতের হয়ে আবার খেলতে পেরে আপ্লুত শ্রেয়স।
ভারতীয় ব্যাটারের কথায়, ‘সিরিজটা দারুণভাবে শুরু হল। বেশ কিছুদিন পর আবার দলে ফিরলাম। খুব ভাল লাগছে ফিরতে পেরে। তার চেয়েও বড় কথা, সকলের সঙ্গে সাজঘর ভাগ করে নিতে পেরে আরও ভাল লাগছে। বেশ অনেক দিন এই স্বাদটা পাওয়া হয়নি। শেষ পর্যন্ত ফিরতে পেরে খুশি।’
নিউজিল্যান্ডের বিরুদ্ধে আরও দুটি একদিনের ম্যাচ খেলবে ভারত। তারপর পাঁচ ম্যাচের টি–২০। এরপর শুরু হবে টি–২০ বিশ্বকাপ।
এদিকে, ফের বিয়ের পিঁড়িতে বসছেন শিখর ধাওয়ান। আয়েশা মুখোপাধ্যায়ের সঙ্গে তাঁর আগের বিয়ের সম্পর্ক বিচ্ছেদে শেষ হয়েছে। অবশেষে অতীত যন্ত্রণা ভুলে আবার বিয়ে করছেন ভারতের প্রাক্তন ক্রিকেটার। বান্ধবী সোফিয়া সাইনের সঙ্গে বাগদান পর্ব সেরে ফেললেন শিখর ধাওয়ান। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি দিয়ে নতুন ইনিংসের কথা জানিয়ে দিলেন ভারতীয় ক্রিকেটের ‘গব্বর’।
ইনস্টাগ্রামে দু’জনের ছবি দিয়ে ক্যাপশনে ধাওয়ান লিখেছেন, ‘আজীবনের পথচলার সূচনা।’ সঙ্গে ক্যাপশনে শিখর লিখেছেন, ‘একসঙ্গে হাসি থেকে একসঙ্গে স্বপ্ন দেখা। এত ভালবাসা পেয়ে ধন্য। চিরকাল একসঙ্গে থাকার সিদ্ধান্ত নিয়েছি। সবার শুভেচ্ছা ও আশীর্বাদের জন্য কৃতজ্ঞ।’
