আজকাল ওয়েবডেস্ক: ন্যাশনাল অ্যান্টি ডোপিং সংস্থার টেস্টিং পুলে যোগ দিলেন ভারতীয় মহিলা দলের তারকা ক্রিকেটার স্মৃতি মান্ধানা এবং জেমিমা রড্রিগেজ।

চলতি বছরের প্রথম তিন মাসের জন্য ঘোষিত রেজিস্টার্ড টেস্টিং পুলে উল্লেখযোগ্য সংযোজন হিসেবে জায়গা পেয়েছেন এই দুই ক্রিকেটার। তবে ৩৪৭ জনের এই তালিকায় সবচেয়ে বেশি সংখ্যায় রয়েছে অ্যাথলিটরাই, মোট ১১৮ জন। এর আগে তালিকায় ছিলেন মোট ২২৭ জন ক্রীড়াবিদ।

নতুন করে আরও ১২০ জনের নাম যুক্ত হওয়ায় তালিকার আকার উল্লেখযোগ্যভাবে বেড়েছে। চলতি বছরের শেষে কমনওয়েলথ গেমস ও এশিয়ান গেমস অনুষ্ঠিত হওয়ার কথা থাকায় এবং ডোপিং পরীক্ষা আরও কঠোর করার লক্ষ্যে এই সংখ্যা বাড়ান হয়েছে বলে জানানো হয়েছে সংস্থার তরফে।

আরটিপি-তে অন্তর্ভুক্ত ক্রীড়াবিদদের প্রতিদিন নির্দিষ্ট সময়সীমার মধ্যে নিজেদের অবস্থান সংক্রান্ত তথ্য নাডাকে জানাতে হয়। এমনকী, যাবতীয় পরীক্ষার জন্য উপলব্ধ থাকতে হয়।

নির্ধারিত অবস্থান সংক্রান্ত তথ্য দিতে তিনবার ব্যর্থ হলে তা ডোপিং আইনভঙ্গ হিসেবে গণ্য হয়। উল্লেখ্য, অ্যাথলেটিক্স বিভাগে এবার বড়সড় বৃদ্ধি দেখা গিয়েছে।

আগের তালিকায় যেখানে ৬৮ জন অ্যাথলিট ছিলেন, সেখানে নতুন তালিকায় উল্লেখযোগ্য নাম হিসেবে রয়েছেন স্টিপলচেজার অবিনাশ সাবলে, হার্ডলার জ্যোতি ইয়ারাজি, অ্যাথলিট তেজস্বিন শঙ্কর ও স্প্রিন্টার অনিমেশ কুজুর।

অবিনাশ সাবলে ওয়ার্ল্ড অ্যান্টি ডোপিং সংস্থার আরটিপি তালিকা থেকে বাদ পড়ার পর ফের নাডার তালিকায় ফিরলেন। বর্তমানে ওয়াডার আরটিপি-তে রয়েছেন শুধুমাত্র জ্যাভলিন থ্রোয়ার নীরজ চোপড়া ও সচিন যাদব।

ক্রিকেট থেকে মোট ১৪ জন খেলোয়াড়কে তালিকাভুক্ত করা হয়েছে। স্মৃতি মান্ধানা ও জেমিমা রড্রিগেজ জায়গা পেয়েছেন সূর্যকুমার যাদব ও সঞ্জু স্যামসনের পরিবর্তে।

উল্লেখ্য, সূর্যকুমার ও সঞ্জু আগামী মাসে ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেবেন। ক্রিকেটের বাকি নামগুলি অপরিবর্তিত রয়েছে।

সেই তালিকায় রয়েছেন টেস্ট ও ওয়ানডে অধিনায়ক শুভমান গিল, ওয়ানডে সহ-অধিনায়ক শ্রেয়স আইয়ার, যশস্বী জয়সওয়াল, হার্দিক পাণ্ডেয়া, ঋষভ পন্থ, জসপ্রীত বুমরা, কেএল রাহুল, অর্শদীপ সিং ও তিলক ভার্মা রয়েছেন তালিকায়। 

মহিলা দলের মধ্যে রয়েছেন গত বছর ঐতিহাসিক ওয়ানডে বিশ্বকাপজয়ী দলের অলরাউন্ডার দীপ্তি শর্মা ও শেফালি ভার্মা। তাঁদের সঙ্গে রয়েছেন পেসার রেণুকা সিং ঠাকুর।

হকি বিভাগ থেকেও একাধিক তারকা খেলোয়াড়ের নাম রয়েছে। পুরুষ দলের সিনিয়র খেলোয়াড় মনপ্রীত সিং, অধিনায়ক হরমনপ্রীত সিং, অমিত রোহিদাস ও হার্দিক সিংয়ের পাশাপাশি মহিলা দলের অধিনায়ক সালিমা টেটে, গোলরক্ষক সবিতা পুনিয়া ও নবনীত কৌর তালিকাভুক্ত।

তবে আরটিপি তালিকায় বড় অংশ জুড়ে রয়েছেন কুস্তিগীররাও। মোট ২৯ জন কুস্তিগীরের নাম রয়েছে তালিকায়। যাঁদের মধ্যে রয়েছেন অলিম্পিক ব্রোঞ্জজয়ী আমান সেহরাওয়াত।