আজকাল ওয়েবডেস্ক:‌ ২০২৪ এর পর ২০২৬। মহিলাদের আইপিএল জিতল বেঙ্গালুরু। মাঝে ২০২৫ সালে বিরাটরা জিতেছিলেন আইপিএল। অর্থাৎ তিন বছরে তিনটে ট্রফি আরসিবির ঘরে।


বৃহস্পতিবার স্মৃতিরা চ্যাম্পিয়ন হতেই আবেগঘন বার্তা লিখে ফেলেছেন বিরাট কোহলি। বৃহস্পতিবার ম্যাচ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই ইনস্টাগ্রামে বিরাট লেখেন, ‘আবারও চ্যাম্পিয়ন। আরসিবির পতাকা সকলের উপরে উড়ছে। এটা নিয়ে তোমরা সকলেই গর্ব করতে পারো। স্মৃতি, পুরো টিম, সকলকে এই দুরন্ত জয়ের জন্য অনেক অভিনন্দন জানাই। এই জয়টা তোমাদের প্রাপ্য। চ্যাম্পিয়ন হওয়ার মুহূর্তটা উপভোগ করো। ভক্তরাও খুবই ভালবাসেন আমাদের, সেটাও গ্রহণ করো।’


দ্বিতীয়বার ডব্লিউপিএল ট্রফি জিতেও ভক্তদের ধন্যবাদ জানিয়েছেন স্মৃতি। তিনি বলেন, ‘‌আরসিবি ভক্তরা বিশ্বের সেরা। আমরা যেখানেই খেলি না কেন, প্রচুর সমর্থন পেয়েছি।’‌ আরসিবি অধিনায়ক মনে করিয়ে দিয়েছেন, এই নিয়ে পরপর তিনবার চ্যাম্পিয়ন হল আরসিবি। সেটাও অসামান্য অনুভূতি। বিজেপি সাংসদ তেজস্বী সূর্যও অভিনন্দন জানিয়েছেন আরসিবিকে। নেটিজেনরাও আরসিবির মহিলা ব্রিগেডকে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন।


ম্যাচ জিতে স্মৃতি আরও জানিয়েছেন, ‘‌গোটা মরসুমে আমরা যেভাবে খেলেছি তাতে প্রত্যেকের অবদান রয়েছে। আমি হয়তো দু’‌তিন জনের নাম আলাদা করে নেব। তার মধ্যে রয়েছে প্রত্যুষা কুমার। গোটা মরশুমে একটা ম্যাচেও সুযোগ পায়নি। কিন্তু প্রত্যেকটা অনুশীলনে নিজের সেরাটা দিয়েছে। ম্যাচের দিন জল বয়েছে। অনেকেই হয়তো এই জিনিসগুলো খেয়াল করবেন না। কিন্তু আমরা খেয়াল রেখেছি। এছাড়া গৌতমী এবং প্রেরণা রয়েছে। দু`জনই তরুণ ক্রিকেটার। যেভাবে গোটা দলের সঙ্গে কাজ করেছে তাতে আমি খুশি। আরও এক বার সমর্থকদের ধন্যবাদ দেব মাঠে এসে আমাদের হয়ে গলা ফাটানোর জন্য।’‌ 

এটা ঘটনা, টানা পাঁচটি ম্যাচ জিতে মেয়েদের প্রিমিয়ার লিগ শুরু করেছিল বেঙ্গালুরু। শেষটাও করল ট্রফি জিতে। এই সাফল্য বিশ্বাসই হচ্ছে না বেঙ্গালুরু অধিনায়ক স্মৃতি মান্ধানার। ট্রফি নেওয়ার আগে সে কথাই বার বার বললেন তিনি। অন্য দিকে, হেরে গিয়েও দলের পারফরম্যান্সে গর্বিত দিল্লি ক্যাপিটালস অধিনায়ক জেমাইমা রদ্রিগেজ।