আজকাল ওয়েবডেস্ক:‌ টি–২০ বিশ্বকাপ শুরুর একদিন আগেই বড় ধাক্কা অস্ট্রেলিয়া শিবিরে। চোটের জন্য গোটা টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন পেসার জস হ্যাজলেউড। 


চোটের জন্য অ্যাশেজ সিরিজে ছিলেন না হ্যাজলেউড। তবুও টি–২০ বিশ্বকাপের দলে তাঁকে রাখা হয়েছিল। তবে জানা গিয়েছিল, গ্রুপ পর্বের ম্যাচে তিনি খেলতে পারবেন না। এবার জানা গেল, গোটা বিশ্বকাপেই তিনি নেই। হ্যামস্ট্রিংয়ে চোটই যার কারণ।


এটা ঘটনা, চোটের জন্য গত বছরের নভেম্বর থেকেই আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে রয়েছেন হ্যাজলেউড। চলতি সপ্তাহের শুরুতেই ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়ে দিয়েছিল, গ্রুপ পর্বে খেলতে পারবেন না হ্যাজলেউড। তাই ব্যাক আপ হিসেবে পাঠানো হচ্ছে শন অ্যাবটকে। কিন্তু শুক্রবার অস্ট্রেলিয়ার নির্বাচক টনি ডোডমেইড বলেছেন, ‘‌আশা ছিল সুপার এইটের আগেই ফিট হয়ে যাবে হ্যাজলেউড। কিন্তু যা পরিস্থিতি সুস্থ হতে আরও কিছুটা সময় লাগবে।’‌ এরপরই তিনি বলেছেন, ‘‌পরিবর্ত ক্রিকেটারের নাম এখনও ঘোষণা করা হচ্ছে না। আশা করছি গ্রুপ পর্বের ম্যাচে অসুবিধা হবে না। গুরুত্ব অনুযায়ী সুপার এইটে পরিবর্ত ক্রিকেটারের নাম জানানো হবে।’‌


এটা ঘটনা, টি–২০ বিশ্বকাপের আগে পাকিস্তানের কাছে সিরিজে ০–৩ হেরেছে অজিরা। এবার জানা যাচ্ছে হ্যাজলেউড টুর্নামেন্টে নেই। প্যাট কামিন্স আগেই ছিটকে গিয়েছেন। তাঁর পরিবর্ত হিসেবে বেন ডোয়ারসুইসকে দলে নেওয়া হয়েছে।


টি–২০ বিশ্বকাপে অস্ট্রেলিয়া রয়েছে বি গ্রুপে। গ্রুপের খেলা খেলবে শ্রীলঙ্কায়। বিশ্বকাপে তাদের প্রথম খেলা ১১ ফেব্রুয়ারি। প্রতিপক্ষ আয়ারল্যান্ড। এরপর গ্রুপে অস্ট্রেলিয়ার ম্যাচ রয়েছে শ্রীলঙ্কা, ওমান ও জিম্বাবোয়ের বিরুদ্ধে। 

এদিকে, ২০২৪ এর পর ২০২৬। মহিলাদের আইপিএল জিতল বেঙ্গালুরু। মাঝে ২০২৫ সালে বিরাটরা জিতেছিলেন আইপিএল। অর্থাৎ তিন বছরে তিনটে ট্রফি আরসিবির ঘরে।


বৃহস্পতিবার স্মৃতিরা চ্যাম্পিয়ন হতেই আবেগঘন বার্তা লিখে ফেলেছেন বিরাট কোহলি। বৃহস্পতিবার ম্যাচ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই ইনস্টাগ্রামে বিরাট লেখেন, ‘আবারও চ্যাম্পিয়ন। আরসিবির পতাকা সকলের উপরে উড়ছে। এটা নিয়ে তোমরা সকলেই গর্ব করতে পারো। স্মৃতি, পুরো টিম, সকলকে এই দুরন্ত জয়ের জন্য অনেক অভিনন্দন জানাই। এই জয়টা তোমাদের প্রাপ্য। চ্যাম্পিয়ন হওয়ার মুহূর্তটা উপভোগ করো। ভক্তরাও খুবই ভালবাসেন আমাদের, সেটাও গ্রহণ করো।’