আজকাল ওয়েবডেস্ক: "জনদরদী রাজ্য বাজেট সহ মানুষের হয়রানির প্রতিবাদে যে ভাবে আদালতে দাঁড়িয়ে মানুষের স্বার্থে মমতা ব্যানার্জি সওয়াল করেছেন তাতে তাঁকে রাষ্ট্র নায়কের মর্যাদা দেওয়া উচিৎ। যাঁরা মানুষের স্বার্থে কাজ করেন তাঁদের এই মর্যাদা দেওয়া হয়। রাজ্যের মুখ্যমন্ত্রী মানুষের সেবায় যে ভাবে কাজ করে চলেছেন তা সারা দেশে বিরল। তাই তিনি রাষ্ট্রনেতা বলে আমি মনেকরি।" শুক্রবার এমনটাই দাবি করলেন বারাসাতের চার বারের সাংসদ ডাঃ কাকলি ঘোষ দস্তিদার।
শুক্রবার সাংবাদিক বৈঠক করে কাকলি জনমুখী রাজ্য বাজেটের জন্য ভূয়সী প্রশংসা করে মুখ্যমন্ত্রী কে ধন্যবাদ জানিয়েছেন৷ তিনি বলেন, "কিছুদিন আগেই দেশের বাজেট পেশ করেছে বিজেপি পরিচালিত কেন্দ্রীয় সরকার। সেই বাজেট অন্তঃসারশূন্য। সেখানে রাজ্য বাজেট লক্ষ্মী ভান্ডারে বরাদ্দ বাড়িয়ে এবং যুবসাথী প্রকল্প চালু করে মহিলা ও যুবকদের আরও স্বনির্ভর করে তুললেন। মহিলা থেকে যুব এখন আরও বেশি করে পারিবারকে সাহায্য করতে পারবেন।"
এছাড়াও কৃষকদের জন্য সেচ মুকুব ও ক্ষেতমজুরদের জন্য আর্থিক সহায়তা ঘোষণা করে নজির তৈরি করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। যেখানে কেন্দ্রের ভ্রান্ত কৃষি নীতির জন্য এখনও কৃষকেরা আন্দোলন করছেন সেখানে দেশের একটি অঙ্গরাজ্যের বাজেটে এমন সিদ্ধান্ত দৃষ্টান্ত তৈরি করলো।
কৃষক সহ সাধারণ মানুষের হাতে অর্থ থাকলে তবেই বাজার অর্থনীতি চাঙ্গা হবে বলে দাবি করেন বারাসাতের সাংসদ। শুক্রবার তিনি যেমন রাজ্য বাজেটের খুটিনাটি বিষয়গুলি তুলে ধরে মমতা ব্যানার্জির প্রসংশা করেন, তেমনি সাধারণ মানুষের হায়রানির প্রতিবাদে সওয়াল করা আইনজীবী মুখ্যমন্ত্রীর দক্ষতাকে কুর্নিশ করে বলেন, "বিজেপির 'চাওয়াকে' প্রতিষ্ঠিত করতে নির্বাচন কমিশন যেভাবে নক্কারজনক কাজ করে মানুষকে হয়রানির মধ্যে ফেলে দিয়েছে, তাদের ত্রাতা হয়ে মমতা ব্যানার্জি আদালতে বিজেপি ও নির্বাচন কমিশনের মুখোশ খুলে দিয়েছেন।"
শুক্রবার সাংবাদিক বৈঠকে এর পাশাপাশি আদালতের কড়া নির্দেশের জন্য সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকেও ধন্যবাদ জানিয়েছেন ডাঃ কাকলি ঘোষ দস্তিদার।
