টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন সারাদিনের গরমা গরম খবর কী?


ফের আইনি জটে শিল্পা!


বলিউডের জনপ্রিয় অভিনেত্রী শিল্পা শেট্টির মালিকানাধীন বেঙ্গালুরুর বিখ্যাত পাব বাস্তিয়ান এখন আইনি জটে। সম্প্রতি রেস্তোরাঁটির ম্যানেজারের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিয়েছে বেঙ্গালুরু পুলিশ। আটক করা হয়েছে তাঁকে। রেস্তোরাঁটির বিরুদ্ধে দায়ের করা হয়েছে এফআইআর। পুলিশের মূল অভিযোগ হল— শহরের নাইট লাইফ সংক্রান্ত কঠোর নিয়মকানুন ভেঙে নির্ধারিত সময়ের পরেও রেস্তোরাঁটি খোলা রাখা হচ্ছিল। শুধু তাই নয়, কোনও প্রকার অনুমতি ছাড়াই সেখানে তড়িঘড়ি করে গভীর রাতে পার্টি করার সুযোগ দেওয়া হচ্ছিল বলেও এফআইআর-এ উল্লেখ করা হয়েছে। অর্থাৎ, সরাসরি স্থানীয় আইন ভাঙার অভিযোগ আনা হয়েছে পাব কর্তৃপক্ষের বিরুদ্ধে। জানা যাচ্ছে, এই ঘটনার সূত্রপাত হয় গত ১১ই ডিসেম্বর। সেদিন গভীর রাতে, আনুমানিক দেড়টা নাগাদ, সেন্ট মার্কস রোডে অবস্থিত এই পাবটিতে গ্রাহকদের মধ্যে তীব্র বিশৃঙ্খলা দেখা যায়। একাধিক সিসিটিভি ফুটেজ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই বিষয়টি সামনে আসে। সূত্রের খবর অনুযায়ী, এই বিতর্কের সঙ্গে 'বিগ বস'-এর প্রাক্তন প্রতিযোগী তথা ব্যবসায়ী সত্য নাইডুও জড়িত ছিলেন। যদিও পাব কর্তৃপক্ষ বা বিতর্কে জড়িয়ে পড়া গ্রাহকদের কেউই পুলিশের কাছে কোনও অভিযোগ জানাননি। কিন্তু ঘটনাটির ভিডিও দ্রুত ছড়িয়ে পড়ায় বেঙ্গালুরু পুলিশ তদন্ত শুরু করেছে।

 

মাধুরীর জন্য গান লিখেছিলেন জাভেদ আখতার?


অন্যতম জনপ্রিয় হিন্দি গান 'এক লাড়কি কো দেখা তো অ্যায়সা লাগা' শুনলে আজও চোখের সামনে ভেসে ওঠে মনীশা কৈরালার সেই মিষ্টি মুখটি। কিন্তু, বলিউডের প্রবীণ গীতিকার জাভেদ আখতারের এক পুরনো সাক্ষাৎকার ভাইরাল হয়েছে। সেখানে যে তথ্য সামনে এসেছে, তাতে অনেকেই চমকে গিয়েছেন। তিনি জানিয়েছেন, এই কালজয়ী গানটি তিনি মনীশা কৈরালার জন্য নয়, বরং লিখেছিলেন মাধুরী দীক্ষিতের কথা ভেবে। জানা গিয়েছে, বিধু বিনোদ চোপড়ার ছবি '১৯৪২: আ লাভ স্টোরি'-তে নায়িকা হিসেবে প্রথম পছন্দ ছিলেন মাধুরী দীক্ষিত। এই ছবিতে কাজ করার কথা ছিল তাঁরই। আর সেই সময় মাধুরীকেই নায়িকা ভেবে গানের কথা লিখেছিলেন জাভেদ আখতার। তবে শেষ মুহূর্তে অজানা কারণে ছবিটি ছেড়ে দেন মাধুরী। আর মাধুরী দীক্ষিতের জায়গায় সেই চরিত্রে অভিনয় করেন মনীশা কৈরালা।

 

প্লাস্টিক সার্জারি করালেন রাকুল?


বলিউড অভিনেত্রী রাকুল প্রীত সিংকে নিয়ে ফের বিতর্ক তৈরি হয়েছে। এইবার তাঁর চেহারা ও সৌন্দর্য নিয়ে প্রশ্ন তুললেন এক ব্যক্তি, যিনি নিজেকে ‘প্লাস্টিক ও কসমেটিক সার্জন’ বলে দাবি করেছেন। এই স্বঘোষিত চিকিৎসক প্রকাশ্যে দাবি করেন যে, রাকুল প্রীত সিং নাকি চেহারায় আমূল পরিবর্তন আনতে বোটক্স, ফিলার্স এবং নাকের অস্ত্রোপচার করিয়েছেন।কিন্তু এমন ভিত্তিহীন ও বিভ্রান্তিকর দাবি শুনে চুপ থাকেননি অভিনেত্রী। কড়া ভাষায় তিনি প্রতিবাদ জানিয়েছেন। সোমবার রাকুল তাঁর ইনস্টাগ্রামে সেই ‘ডাক্তার’-এর ভিডিওটি ভাগ করে সরাসরি আক্রমণ করেন। ভিডিওটিতে দেখা যাচ্ছিল, ওই ব্যক্তি তাঁর পুরোনো ও নতুন ছবি পাশাপাশি রেখে তুলনা করে দেখাচ্ছেন এবং দাবি করছেন যে এটি কেবল প্রসাধনী অস্ত্রোপচারের ফল। তাঁর বক্তব্য ছিল, রাকুল ফিটনেসের প্রচার করলেও নিজের কসমেটিক সার্জারির কথা গোপন করছেন। এই ঘটনার পরই সোশ্যাল মিডিয়ায় 'ফ্রড অ্যালার্ট' জারি করেন রাকুল প্রীত সিং। তিনি লেখেন, 'ভয় লাগে যে এই ধরনের মানুষেরা নিজেদের ডাক্তার বলে দাবি করে! কোনও তথ্য যাচাই না করেই তাঁরা কেবল মানুষকে ভুল পথে চালিত করছেন।'