টলিউড পেরিয়ে বহুদিন আগেই বলিউডে পাড়ি জমিয়েছেন অভিনেত্রী মিশমি দাস। বিভিন্ন চরিত্রে দর্শকের মন জয় করেছেন অভিনেত্রী। এবার তিনি আসছেন এক রহস্যময় চরিত্র নিয়ে। 'পরশুরাম'-এ তাঁকে দেখা যেতে চলেছে 'নন্দিনী দিক্ষিত'-এর চরিত্রে। তবে স্টার জলসার ধারাবাহিক 'পরশুরাম আজকের নায়ক'-এ নয়, মিশমিকে স্টার প্লাসের নতুন মেগা 'মিস্টার অ্যান্ড মিসেস পরশুরাম'-এ দেখবেন দর্শক।
নিজেই এই খবর সমাজমাধ্যমে ভাগ করে নিয়েছেন মিশমি। নন্দিনী চরিত্রের ঝলকও তুলে ধরেছেন অভিনেত্রী। স্টার জলসার 'পরশুরাম'-এ এই চরিত্রে দর্শক দেখতে পান অভিনেত্রী প্রিয়া পালকে। আর হিন্দিতে এই চরিত্রটি ফুটিয়ে তুলছেন মিশমি। নন্দিনী আসলে পরশুরামের স্ত্রীর দিদি। গল্পে সে একজন আইনজীবী। তাই ন্যায়-অন্যায়ের মাঝে সে অনেকসময় দিক হারিয়ে ফেলে। তবে সত্যের সন্ধানে সবসময় থাকতে দেখা যায় তাকে। সে-ও পরশুরামের আসল পরিচয় নিয়ে মাঝেমধ্যেই সন্দেহ করে। তবে কিনারায় পৌঁছতে পারে না।
স্টার জলসার ধারাবাহিক 'পরশুরাম আজকের নায়ক'-এর জনপ্রিয়তা প্রচুর। এই ধারাবাহিক শুরু থেকেই দর্শকের মন জয় করে নিয়েছে। তাই টিআরপিতেও প্রতি সপ্তাহে দারুণ ফল করতে দেখা যায় এই মেগাকে। বাংলায় এর জনপ্রিয়তা দেখে এবার এসেছে এই ধারাবাহিকের হিন্দি রিমেক।
স্টার প্লাসে এসেছে 'মিস্টার অ্যান্ড মিসেস পরশুরাম'। ব্লু প্রোডাকশনসের ব্যানারে তৈরি এই ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করছেন টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা নীল ভাট এবং সঙ্গে রয়েছেন শাম্ভবী সিং। দর্শকের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আগামী ৩ ফেব্রুয়ারি থেকে প্রতিদিন রাত সাড়ে আটটার স্লটে এই ধারাবাহিকটি সম্প্রচারিত হচ্ছে। এই শো-টির প্রথম ঝলক থেকেই দর্শকের মধ্যে বেশ ইতিবাচক সাড়া ফেলেছিল।
বাংলার পরশুরামে মুখ্য চরিত্রে দেখা যাচ্ছে ইন্দ্রজিৎ বসু ও তৃণা সাহাকে। গল্পের খলনায়কদের চরিত্রে রয়েছেন অনেকেই। তবে খলনায়িকা 'শীতল'-এর চরিত্রে দেখা যাচ্ছে অভিনেত্রী সঙ্ঘমিত্রা তালুকদারকে। হিন্দি রিমেকে এই চরিত্রে আছেন এক বাঙালি নায়িকা। জানা যাচ্ছে, 'শীতল'-এর চরিত্রে দেখা যাচ্ছে অভিনেত্রী রোশনী ভট্টাচার্যকে।
প্রসঙ্গত, পরশুরামের গল্পে রোজই নানা চমক অপেক্ষা করে দর্শকের জন্য। গল্পের মোড়ে পরশুরামের আসল পরিচয় খুঁজে বেড়ায় কর্ণ চ্যাটার্জি। অন্যদিকে, স্ত্রী তটিনী সাধারণ গৃহবধু নাকি অন্য কেউ, তা জানার চেষ্টায় পরশুরাম। পরিবারের সুরক্ষা তার কাছে সবার আগে। তাই নিজে বিপদে পড়লেও চেষ্টা করে পরিবারের কোনও সদস্যের গায়ে যেন আঁচ না লাগে। কিন্তু বারবার নানা বিপদের সম্মুখীন হয় পরশুরাম, তটিনী আর তাদের দুই সন্তান। আগামীতে কী হতে চলেছে এই ধারাবাহিকে তা জানার জন্য অধীর আগ্রহে অপেক্ষায় থাকেন দর্শক। এখন হিন্দি রিমেকও বাংলার মতোই জনপ্রিয়তা পায় কিনা, সেটাই দেখার।
