২০২৫-এর জন্মদিনে অর্থাৎ ২৫ ডিসেম্বর যখন একদিকে প্রজাপতি ২ মুক্তি পেয়েছিল, তখন আরেকদিকে দেব ঘোষণা করেন তাঁর আগামী ছবি 'বাইক অ্যাম্বুলেন্স দাদা'র কথা। এবার বছরের প্রথম দিনই এই ছবির মুক্তির দিন ঘোষণা করলেন টলিউডের 'মেগাস্টার'। দেব ২০২৬ এর ১ জানুয়ারি 'বাইক অ্যাম্বুলেন্স দাদা' ছবির পোস্টার ভাগ করে লেখেন, 'রাস্তার ধুলোয় লেখা এক নীরব বিপ্লব।' একই সঙ্গে জানান এই ছবিটি তাঁর ৫০ তম ছবি হতে চলেছে।
ইতিমধ্যেই এই ছবি ঘিরে উত্তেজনা ছড়িয়েছে দর্শক মহলে। বছরের প্রথম দিন দর্শক এবং নেটিজেনদের সঙ্গে এই সুখবর ভাগ করে নিতেই দারুণ সাড়া পেয়েছেন দেব। অনেকেই জানিয়েছেন তাঁরা মুখিয়ে রয়েছেন এই ছবিটির জন্য। জানা যাচ্ছে, এই ছবিতে দেবের বিপরীতে দেখা যেতে পারে রুক্মিণী মৈত্রকেও। অন্যদিকে, ছোটপর্দার জনপ্রিয় মুখ অঙ্কিতা মল্লিককেও এই ছবিতে দেখতে পাওয়ার কথা ছিল। 'চ্যাম্প' ছবির হাত ধরে দর্শকের কাছে প্রথমবার জুটি হিসেবে ধরা দিয়েছিলেন দেব-রুক্মিণী। এরপর দু'জন কাজ করেছেন বহু ছবিতে। তাঁদের শেষবার সৃজিত মুখোপাধ্যায়ের ছবি 'টেক্কা'য়। কিন্তু এরপর তাঁদের জুটিকে বহুদিন পর্দায় দেখেননি দর্শক। তাই এই ছবি ঘিরে অনুরাগীদের প্রত্যাশা প্রচুর। কিন্তু টলিপাড়ার অন্দরের খবর, রুক্মিণীর পাশাপাশি থাকবেন আরও এক নায়িকাও। তবে কি এবারও দুই নায়িকার সঙ্গেই রোম্যান্স করবেন দেব? সেটা জানার অপেক্ষায় অনুরাগীরা।
'বাইক অ্যাম্বুলেন্স দাদা' ছবিটিতে উঠে আসবে উত্তরবঙ্গের করিমুল হকের জীবনী, যিনি বাইকে করে প্রত্যন্ত গ্রামের বহু মুমূর্ষু রোগীকে হাসপাতালে পৌঁছে দিয়ে প্রাণ বাঁচিয়েছেন। ছবিটির পরিচালনা করবেন বিনয় মুদগিল। বাইক অ্যাম্বুলেন্স দাদার শর্ট ফর্ম হিসেবে বিএডি লেখা হচ্ছে নির্মাতাদের তরফে। এই ছবিটি দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স এবং নন্দী মুভিজের তরফে প্রযোজনা করা হবে। প্রদীপ কুমার নন্দী, গুরুপদ অধিকারী, দেব অধিকারী নিবেদনা করবেন ছবিটির।
