কেরল সাহিত্য উৎসবে বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রিয় অভিনেতা প্রকাশ রাজ। দক্ষিণী ও বলিপাড়ায় নিজের অভিনয় ব্যতীত রাজনৈতিক মতামত ও মন্তব্যের জন্যেও সমান আলোচিত তিনি। লিটারেচার ফেস্টিভ্যালে তাঁর আলোচনায় উদাহরণ হিসেবে উঠে এল সঙ্গীতশিল্পী এ আর রহমানকে ঘিরে সাম্প্রতিক বিতর্কের কথা। সঙ্গে উঠে এল কঙ্গনা রানাউতের নামও। আর তারপরেই বিস্ফোরক প্রকাশ রাজ।
মঞ্চে দাঁড়িয়ে প্রকাশ রাজ প্রশ্ন তোলেন, রহমানকে ঘিরে যে জনআলোচনা চলছে, তার অভিমুখ ঠিক কোন দিকে যাচ্ছে। তাঁর কথায়, “এ আর রহমানের সঙ্গে কী হচ্ছে? তাঁকে ঘিরে জনতামহলে আলোচনাটা ঠিক কী? ‘মা তুঝে সালাম’, ‘জয় হো’র মতো গানের পাশাপাশি দু’দুটো অস্কার...তখন সবাই উল্লাসে মেতেছিল। আর আজ? আরে তিনি শুধু বলেছেন, কোনও কাজ পাওয়ার জন্য ভিক্ষে করেননি। কারণ তাঁর সেই প্রয়োজনই নেই। আর যা বলেছেন সেটাই সত্যি।”
এরপরই প্রকাশ রাজ টানেন রহমানের ওই বক্তব্যের প্রেক্ষিতে কঙ্গনা রানাউতের মন্তব্যর কথা। কঙ্গনার ছবি ‘এমার্জেন্সি’-তে কাজ না করার সিদ্ধান্তের জেরে রহমানকে ‘রাষ্ট্রদ্রোহী’ বলে আক্রমণ করা হয়েছে, এমনটাই দাবি করেন তিনি! প্রকাশ রাজ জোর গলায় বলেন, “এই উন্মাদনাটা স্রেফ একবার তাকিয়ে দেখুন। এই ‘ঘেউ ঘেউ’ শুরু হওয়াটা দেখুন। একজন মহিলা পরিচালক-অভিনেত্রী, শুধুমাত্র তাঁর ছবিতে কাজ না করার জন্য একজন শিল্পীকে দেশদ্রোহী বলছেন!” প্রকাশ রাজের অভিযোগ, কঙ্গনা নিজের ছবি ‘এমার্জেন্সি’-কে ক্লাসিক বলে দাবি করলেও, রহমান সেটিকে ‘প্রপাগান্ডা’ বলে কাজ করতে অস্বীকার করেছিলেন, আর সেখান থেকেই শুরু এই আক্রমণাত্মক ভাষা ও রাজনীতিক তকমা।
উল্লেখ্য, এর আগে দেওয়া এক সাক্ষাৎকারে রহমান ‘ছাবা’ ছবিটিকে বিভাজনমূলক বলে মন্তব্য করেন। পাশাপাশি তিনি ইঙ্গিত দেন, বলিউডে কাজ কমে যাওয়ার পেছনে হয়তো সাম্প্রদায়িক মনোভাবও কাজ করছে। এই মন্তব্যের পরই কঙ্গনা রানাউত ইনস্টাগ্রাম স্টোরিতে রহমানকে আক্রমণ করে লেখেন, তিনি নাকি ইন্ডাস্ট্রির সবচেয়ে ‘পক্ষপাতদুষ্ট ও বিদ্বেষপূর্ণ’ মানুষদের মধ্যে একজন। কঙ্গনা আরও দাবি করেছিলেন, নিজের পরিচালিত ছবি ‘এমার্জেন্সি’-র গল্প শোনাতে চাইলেও রহমান দেখা করতেও রাজি হননি। তাঁর বক্তব্য, ছবিটি সব সমালোচকের প্রশংসা পেয়েছে এবং বিরোধী রাজনৈতিক নেতারাও ছবির প্রশংসা করেছেন।
বিতর্ক চরমে ওঠার পর এ আর রহমান একটি ভিডিও বার্তায় নিজের অবস্থান স্পষ্ট করেন। তিনি বলেন, ভারত এবং সঙ্গীতের প্রতি তাঁর ভালবাসা প্রশ্নাতীত। কাউকে আঘাত দেওয়ার উদ্দেশ্য তাঁর ছিল না।
কেরালা লিট ফেস্টের মঞ্চ থেকে প্রকাশ রাজের বক্তব্য নতুন করে প্রশ্ন তুলল - মতপ্রকাশ কি আজকের দিনে দাঁড়িয়ে অপরাধের সামিল? আর শিল্পীর 'না' বলা কি দেশদ্রোহিতা হয়ে উঠছে?
