বলিউডের দুই তারকা শাহরুখ খান ও সলমন খানের বন্ধুত্বের কিসসা জানেন না এমন বলিউডপ্রেমী নেই বললেই চলে। তবে আজকাল তাঁরা যেন এক অদৃশ্য সুতোয় বাঁধা। পরপর তিন দেশে দু’জনকে একসঙ্গে দেখা গেল, আর তাতেই উথাল-পাথাল নেটদুনিয়া। দিল্লির জমকালো বিয়ে, তারপর সৌদির জয় ফোরাম আর এবার দু’জনকে ধরা পড়তে দেখা গেল আবু ধাবির ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়ামে। কালো স্যুটে ঝকঝকে করণ-অর্জুন কে ডাইনোসরের বিশাল কঙ্কালের সামনে পাশাপাশি দাঁড়িয়ে থাকতে দেখে অনুরাগীদের উত্তেজনা তুঙ্গে।

 

 

 

আবু ধাবিতে সলমন ছিলেন তাঁর ‘দবং ট্যুর’ নিয়ে, আর শাহরুখ এসেছিলেন মিউজিয়ামের ভিআইপি উদ্বোধনে যোগ দিতে। নতুন ছবিগুলোতে দেখা যাচ্ছে দু’জনই হেসে, গল্প করে ক্যামেরার সামনে পোজ দিচ্ছেন। যেন বহু বছরের ওঠাপড়া পেরিয়ে আবার ফিরে এসেছে পুরোনো ‘ভাতৃত্ব’। এক ভক্ত মজা করে লিখেছেন, “ইদানীং গৌরীর থেকেও বেশি সলমনের সঙ্গে দেখা যাচ্ছে শাহরুখকে!” আরেকজন যোগ করলেন, “যেদিনশাহরুখকে তাঁর আপ্ত সহায়ক পূজার থেকেও বেশি সলমনের সঙ্গে দেখব, সেদিনই আসল খবর হবে!” মন্তব্যের বন্যায় প্লাবিত সোশ্যাল প্ল্যাটফর্ম।

 

 

 

যদিও মজা-ঠাট্টা চলছে, তার মাঝেই একটা বড় প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন দর্শক-এই ঘনঘন একসঙ্গে উপস্থিতি কি ইয়ারি, নাকি কোনও বড় চমকের ইঙ্গিত? কারণ শাহরুখ-সালমানের বন্ধুত্ব শুধু অফস্ক্রিনে নয়, গত বছর অনস্ক্রিনেও ছিল চুটিয়ে। ‘পাঠান’-এ সলমনের ‘টাইগার’ ক্যামিও আর ‘টাইগার ৩’-এ শাহরুখের ‘পাঠান’ এন্ট্রি দর্শকদের উচ্ছ্বাসের শীর্ষে তুলেছিল। দু’টি বিশেষ উপস্থিতিই ছিল যশ রাজ ফিল্মসের স্পাই ইউনিভার্স-এর বড় ক্রসওভার—“টাইগার ভার্সেস পাঠান”-এর প্রস্তুতি। যদিও এই মেগা প্রজেক্টের আপডেট এখনও রহস্যে ঢাকা।

 

 

২০২৬ সাল দুই তারকার জন্য আরও বড় বছর হতে চলেছে। সলমনের ‘ব্যাটেল অফ গলওয়ান’ মুক্তি পাবে পরের বছর, শুটিংও শেষ। অন্যদিকে শাহরুখ ফিরছেন সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘কিং’ নিয়ে, যেখানে প্রথমবার মেয়ের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন তিনি। ফলে দুই তারকার ব্যস্ত ক্যালেন্ডারের মাঝেই পরপর দেখা মিলতেই গুঞ্জন চড়ছে কোথাও কি আবার বড়পর্দায় একসঙ্গে আসছেন ‘পাঠান–টাইগার’?

 

যা-ই হোক, আবু ধাবির ডাইনোসর গ্যালারি থেকে ছড়িয়ে পড়া এই নতুন ছবিগুলো প্রমাণ করে দিল বলিউডের দুই ‘কিং’ ও ‘সুলতান’-এর বন্ধুত্ব এখন আবারও জমজমাটভাবে ফিরছে। আর দর্শক? তারা তো অপেক্ষা করেই আছে, কবে বড়পর্দায় আবার একসঙ্গে গর্জে উঠবে দুই খান!