বলিউডে দেশাত্মবোধক ছবির তালিকায় ফের একবার বড়সড় কামব্যাকের প্রস্তুতি নিচ্ছে ‘বর্ডার ২’। ‘বর্ডার’ মানেই দর্শকের কাছে নস্টালজিয়া। আর সেই নস্টালজিয়াকেই এত বছর পরে পর্দায় ফিরিয়ে আনতে চলেছেন অনুরাগ সিং এবং জেপি দত্তর কন্যা নিধি দত্ত। ১৯৯৭ সালের আইকনিক ছবি ‘বর্ডার’-এর এই সিক্যুয়েলে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে বরুণ ধাওয়ানকে। ছবিতে তাঁর সঙ্গে রয়েছেন সানি দেওল, দিলজিৎ দোসাঞ্জ, আহান শেট্টি, মোনা সিং, সোনম বাজওয়া, মেধা রানা ও আনিয়া সিং। অনুরাগ সিং পরিচালিত ছবিটি মুক্তি পাবে ২৩ জানুয়ারি, ২০২৬, প্রজাতন্ত্র দিবসের ঠিক আগেই।
ছবির মুক্তির আগে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভক্তদের সঙ্গে একটি প্রশ্নোত্তর পর্বে অংশ নেন বরুণ ধাওয়ান। একাধিক ব্যক্তিগত প্রশ্নের পাশাপাশি আলোচনার কেন্দ্রে উঠে আসে ‘বর্ডার ২’-এর আন্তর্জাতিক মুক্তি প্রসঙ্গ। বরুণের কাছে এক পাকিস্তানি ভক্ত সরাসরি জানতে চান, ‘বর্ডার ২’ কি পাকিস্তানে মুক্তি পাবে? পাশাপাশি তিনি এও জানান, সানি দেওলের জনপ্রিয় চরিত্র তারা সিংয়ের তিনি বড় ভক্ত। এরপর সেই সানি-ভক্তের অনুরোধ বরুণকে, সানির উদ্দেশ্যে জানানো তাঁর সেলাম যেন পৌঁছে দেন অভিনেতা।
এই প্রশ্নের উত্তরে বরুণ যথেষ্ট সংযত ভাষায় বলেন, “বর্ডার ২ মূলত ১৯৭১ সালের যুদ্ধ এবং তার সঙ্গে জড়িত কিছু বাস্তব ঘটনার উপর ভিত্তি করে তৈরি। আর সানি স্যারের তো পাকিস্তানেও ভক্ত আছেন।” বরুণের এই মন্তব্য মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়।
উল্লেখযোগ্যভাবে, পাকিস্তানের ভক্তটি যে তারা সিংয়ের কথা বলছিলেন, সেটি ছিল গদর ছবির চরিত্র। তবে ‘বর্ডার ২’-এ সানি দেওলকে দেখা যাবে সম্পূর্ণ আলাদা ভূমিকায়, ‘লেফটেন্যান্ট কর্নেল ফতেহ সিং কালের’ হিসেবে। আগের ছবির পরিচালক জেপি দত্তের উত্তরাধিকার বহন করলেও, নতুন ছবিতে যুদ্ধের আবহ আরও বাস্তবঘনিষ্ঠভাবে তুলে ধরার চেষ্টা করা হয়েছে বলে জানা যাচ্ছে।
ছবিতে থাকছে দেশাত্মবোধক আবেগের বড় চমকও। বর্ডার-এর কালজয়ী গান ‘সন্দেশে আতে হ্যায়’ নতুন রূপে ফিরছে ‘ঘর কব আওগে’ শিরোনামে। গানটির আনুষ্ঠানিক প্রকাশ করা হয় ২ জানুয়ারি, রাজস্থানের লংগেওয়ালা-তানোট এলাকায়। সেই অনুষ্ঠানে ভারতীয় জওয়ানদের মাঝে উপস্থিত ছিলেন সানি দেওল, বরুণ ধাওয়ান, আহান শেট্টি ও গায়ক সোনু নিগম।
‘বর্ডার ২’ ছবির টিম সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-র সঙ্গেও সাক্ষাৎ করেন বাউলিয়ানওয়ালা সীমান্তে। সব মিলিয়ে, মুক্তির আগেই ‘বর্ডার ২’ দেশাত্মবোধ, ইতিহাস ও সমসাময়িক আলোচনার কেন্দ্রে উঠে এসেছে, যার উত্তাপ আগামী দিনে আরও বাড়বে বলেই মনে করছে ট্রেড অ্যানালিস্টরা।
