আজকাল ওয়েবডেস্ক: হারারেতে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে শুরুতে উইকেট হারিয়েও দাপট দেখাচ্ছে ভারত। বৈভব সূর্যবংশীর বিধ্বংসী শতরানে শিরোপা নির্ধারণী ম্যাচে চালকের আসনে টিম ইন্ডিয়া।
এদিন প্রথমে ব্যাট করতে নেমে মাত্র ৫৫ বলে শতরান পূর্ণ করেন বৈভব। বৈভবের এই ইনিংস অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ইতিহাসে কোনও ভারতীয় ব্যাটারের দ্রুততম সেঞ্চুরি।
এদিন প্রথমে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ভারত। তবে শুরুটা একেবারেই ভাল হয়নি টিম ইন্ডিয়ার। চতুর্থ ওভারেই আউট হন অ্যারন জর্জ। এরপর ইনিংস সামলান বৈভব সূর্যবংশী ও আয়ুষ মাত্রে।
দ্বিতীয় উইকেটে তাঁদের ১৪২ রানের জুটি ভারতের ইনিংসকে শক্ত ভিত দেয়। ১৯তম ওভারে ৫৩ রান করে আউট হন মাত্রে। ঝোড়ো ইনিংস খেলতে গিয়ে আরও একটি নজির গড়েছেন বৈভব।
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ আসরে সর্বাধিক ছয় মারার রেকর্ডও এখন তাঁর দখলে। আক্রমণাত্মক ব্যাটিংয়ে ইংল্যান্ড বোলারদের একের পর এক চাপে ফেলেন তিনি।
এই ম্যাচে ভারত আগের ম্যাচের একাদশই অপরিবর্তিত রেখেছে। অন্যদিকে ইংল্যান্ড তাদের দলে একটি পরিবর্তন করেছে। গোটা টুর্নামেন্টে ধারাবাহিক পারফরম্যান্সের পর ফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে চ্যালেঞ্জ নিতে প্রস্তুত আয়ুষ মাত্রে নেতৃত্বাধীন ভারতীয় দল।
আইসিসি-র অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের সেমিফাইনালে আফগানিস্তান ৩১১ রানের টার্গেট দেয় ভারতকে। এই রান তাড়া করে জিতলে বিশ্বকাপের ফাইনালে পৌঁছবে ভারত, এই অবস্থায় ব্যাট করতে নেমে শুরুতেই বৈভব সূর্যবংশী ব্যাট হাতে আগুন জ্বালিয়ে দেন।
২৪ বলে পঞ্চাশ করেন তিনি। ১৪ বছর বয়সী তারকা আবদুল আজিজের এক ওভারে ১৮ রান নিয়ে পঞ্চাশ করেন। ছক্কা হাঁকিয়ে অর্ধশতরানে পৌঁছন তিনি। সোশ্যাল মিডিয়ায় লেখা হয়েছে, এই বাচ্চাটা রান-আ-বলে বিশ্বাসীই নয়।
ভারতের বিরুদ্ধে প্রথমে ব্যাট করতে নেমে ফয়জল শিনোজাদা ও উজাইরুল্লাহ নিয়াজির জোড়া সেঞ্চুরিতে ৪ উইকেটে ৩১০ রান করে আফগানিস্তান। ভারতীয় বোলারদের মধ্যে দেবেন্দ্রন ও কনিষ্ক চোহান ২টি করে উইকেট নেন।
বৈভব শুরুটা দুর্দান্ত করেন। ৩৩ বলে ৬৮ রানের বিধ্বংসী এক ইনিংস খেলে আউট হন সূর্যবংশী। ৯টি বাউন্ডারি ও ৪টি ছক্কা হাঁকান তিনি।
