আজকাল ওয়েবডেস্ক:‌ অদম্য মনের জোর। চুঁচুড়া হাসপাতালের সিসিইউতে বসে মাধ্যমিক পরীক্ষা দিল এক ছাত্রী। নাম ঈশিতা মণ্ডল। ভদ্রেশ্বরের বিঘাটি কিশোরী মোহন হাইস্কুলের ছাত্রী সে। আর পরীক্ষাকেন্দ্র ছিল দিগরা মল্লিক হাটি দেশবন্ধু বিদ্যাপীঠ।


জানা গেছে, বৃহস্পতিবার বাড়িতে সিঁড়ি থেকে পড়ে যায় ওই পরীক্ষার্থী। গুরুতর আহত হয়। তাঁকে চুঁচুড়া ইমামবাড়া জেলা হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার সকালে ছাত্রী জানায় পরীক্ষা দিতে চায়। আগে বাংলা এবং ইংরেজি পরীক্ষা দিয়েছে সে। শুক্রবার ছিল ইতিহাস পরীক্ষা। ছাত্রীর পরিবার সেই মতো স্কুলের সঙ্গে যোগাযোগ করে। স্কুলের তরফে মধ্যশিক্ষা পর্ষদের যারা জেলার দায়িত্বপ্রাপ্ত আছেন তাদেরকে বিষয়টি জানান।


হুগলি জেলা যুগ্ম আহ্বায়ক শুভেন্দু গড়াই মধ্যশিক্ষা পর্ষদের সঙ্গে কথা বলে ছাত্রীর পরীক্ষার ব্যবস্থা করেন। 
ইমামবাড়া হাসপাতালে সিসিইউ ওয়ার্ডে তাঁর পরীক্ষার ব্যবস্থা হয়। ছাত্রীর মামা প্রতাপ রায় জানান, ভাগ্নি সিঁড়ি থেকে পড়ে গিয়ে চোট পেয়েছিল। এখন কিছুটা স্থিতিশীল রয়েছে। জীবনের প্রথম বড় পরীক্ষা মাধ্যমিক। তাই কষ্ট করে হলেও সেই পরীক্ষা দিচ্ছে সে। মধ্যশিক্ষা পর্ষদ হাসপাতালেই পরীক্ষার সব রকম ব্যবস্থা করেছে।

শুভেন্দু গড়াই বলেন, কাছাকাছি পরীক্ষাকেন্দ্র থেকে প্রশ্নপত্র নিয়ে আসা হয়েছে। পুলিশ পাহারা দিয়ে এক্সামিনার রেখে যেমনভাবে পরীক্ষা হয় ঠিক সেইভাবেই পরীক্ষা দিয়েছে ছাত্রীটি। পরীক্ষার সময় ছাত্রীর পরিবার হাসপাতালেই ছিল। হাসপাতালের চিকিৎসকরা জানান, পরীক্ষা দিতে ছাত্রীর কোনও অসুবিধা হওয়ার কথা নয়। আর তারপরেই হাসপাতালে পরীক্ষার ব্যবস্থা করা হয়।